শেষ হলো রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ জাতীয় পর্ব

আইআরও বাংলাদেশ ওপেনের বিজয়ীদের সঙ্গে অতিথিরা
ছবি: বিডিওএসএন

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) বাংলাদেশের প্রতিনিধিত্বের লক্ষ্যে গতকাল শুক্রবার ও আজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হলো ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’–এর জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)–এর আয়োজনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এই অলিম্পিয়াডে মোট ৩টি সোনা, ৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। আরও তিনজন কারিগরি পদক অর্জন করেছে।

বিজয়ী যারা

ফিজিক্যাল কম্পিউটিং শ্রেণির জুনিয়র গ্রুপে রৌপ্যপদক অর্জন করেছে সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব। একই গ্রুপে ব্রোঞ্জপদক অর্জন করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন।

সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন। রৌপ্যপদক অর্জন করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মুয়াজ ইবনে বাশার। ব্রোঞ্জপদক অর্জন করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নাফিয়া বাসার, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সস্মিত বণিক। এ ছাড়া কারিগরি পদক পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. আয়ান রহমান।

ক্রিয়েটিভ শ্রেণির জুনিয়র গ্রুপে ব্রোঞ্জপদক অর্জন করেছে এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের মুহতাসিম মাহির, মো. আবদুল্লাহীল আলীম ও মুনাওয়ার হিসান। সিনিয়র গ্রুপে রৌপ্যপদক অর্জন করেছে উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন।

মিশন চ্যালেঞ্জ শ্রেণির সিনিয়র গ্রুপে কারিগরি পদক অর্জন করেছে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন।

রোবোটিকস কুইজ শ্রেণির জুনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুহতাদী মাহরুস। রৌপ্যপদক অর্জন করেছে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. তৌফিক হাসান এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজমান রসুল। ব্রোঞ্জপদক অর্জন করেছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ফাতিন হাসনাত। সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মাহিদ জামান। রৌপ্যপদক অর্জন করেছে রাজউক উত্তরা মডেল কলেজের মো. আজফার হক। ব্রোঞ্জপদক অর্জন করেছে মাইলস্টোন কলেজ, দক্ষিণখানের আকরামুল ইসলাম ও গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের আরিব জামান।

ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে স্বর্ণপদকজয়ী নুসাইবা তাজরিন বলে, ‘আজ পুরস্কার অর্জনটা আমার জন্য অপ্রত্যাশিত ছিল। জাতীয় দলে সুযোগ পেলে আন্তর্জাতিক পর্বে ভালো ফল করার আশা রাখি।’

কক্সবাজারের রামু থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে ছয় সদস্যের দুটি দল নিয়ে এসেছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম। তিনি বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষার্থীরা অনেক দিন ধরে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ পুরস্কার পেলে আরও ভালো লাগত, কিন্তু পুরস্কার না পেলেও তারা অনেক কিছু শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে। এটা আগামী দিনে তাদের বেশ কাজে দেবে।’

আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাদিয়া শারমিন এবং উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের পরিচালক মুন সাদিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিডিওএসএনের সভাপতি মুনির হাসান এবং আইআরওর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল।

মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ‘আজ এই আয়োজনে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আয়োজকেরা এত বছর ধরে অসাধারণ কাজ করছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোয় আমরা আইসিটি বিভাগ থেকে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করব।’

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে ১৮ ও ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজন করা হবে। ওই ক্যাম্পের ভিত্তিতে গঠিত জাতীয় দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬–এর জাতীয় পর্বের হোস্ট ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে উলকাসেমি, সিলভার স্পনসর ক্রিয়েটিভ আইটি ও ব্রোঞ্জ স্পনসর হিসেবে রয়েছে আরএইচ করপোরেশন, টেক্সকো টেক, মিলেনিয়াম অর্গানিকস ও ইনোভেটিভ প্রোডাক্ট নেটওয়ার্ক কোম্পানি লিমিটেড। বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে আইসিটি বিভাগ ও আইসিটি অধিদপ্তর। এবারের আয়োজনে অংশীদার হিসেবে রয়েছে যমুনা টিভি, ইউএপি রোবোটিকস ক্লাব, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, ক্লাউড নাম্বার ২৪ ও রকমারি ডটকম।