
সাইবার নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে আয়োজিত সাইবার ড্রিল প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোকে পুরস্কার দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত ৬টি প্রতিযোগিতার বিজয়ী ১৮টি দলকে এ পুরস্কার দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানে গত দুই বছরে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় সাইবার ড্রিল, ফিন্যান্সিয়াল সাইবার ড্রিল এবং জাতীয় সাইবার ড্রিল প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে।
২০২১ সালে সাইবার ড্রিল প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো হলো জিরো বাইট (শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি), ইউআইটিএস (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস), এনএসটিইউ (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), বাংলাদেশ ব্যাংক সাইবার ড্রিল টিম (বাংলাদেশ ব্যাংক), হাইমডাল (বিকাশ), আইডিএলসি ফিন্যান্স লিমিটেড (আইডিএলসি ফিন্যান্স লিমিটেড), ফেডারেল বন্ক ইনভেস্টিগেশনস, বিটসওভারফ্লো এবং সিলিকনবিটস।
২০২২ সালে সাইবার ড্রিল প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো হলো আইইউটি জেনেসিস (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি), ইউএপি সাইবার স্পেস (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), বিগ ফোর্টেস ডাউন (ইসলামী বিশ্ববিদ্যালয়), ইবিএল ডিফেন্ড এসিই (ইস্টার্ণ ব্যাংক লিমিটেড), এক্সিম সাইবার রেঞ্জারস (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড), এরিয়া ৭১ (বিকাশ), টিম ডিসক্লাসিফাই (ডিসক্লাসিফাই লিমিটেড), ব্র্যাকইউ ব্লাইন্ডারস) ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং এফ সোসাইটি (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট)।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, সাইবার ড্রিলসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা আরও জোরদার হবে।
বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম বরকতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।