ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

টেকবার্তা

বিশ্বজুড়ে বার্তানির্ভর স্ক্যাম বাড়ছে

আপনার ফোন কি অনবরত বাজতে থাকে? পিসি ম্যাগাজিন–এ প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ বলছে, মুঠোফোনে নোটিফিকেশন আসছে অনবরত। নোটিফিকেশনের বিরক্তি আমাদের ওপর মানসিক প্রভাব ফেলছে। সিনেট গ্রুপ পরিচালিত এক জরিপে দেখা গেছে, সতর্কতার বার্তা বেশি আসার কারণে সঠিক ও ভুয়া বার্তা আলাদা করার ক্ষমতা কমে যাচ্ছে। এর সঙ্গে এআই–চালিত আধুনিক স্ক্যাম যুক্ত হয়ে বর্তমানের প্রতারণাকে সাধারণ কম্পিউটার ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক করে তুলেছে। 

টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com 

সিকিউরিটি বিশেষজ্ঞ কিম কি বলেন, ‘আমরা ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক নার্সের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই নার্স চতুর–ছদ্মবেশী এক স্ক্যামারের হাতে নিজের জমানো চার লাখ মার্কিন ডলার হারিয়েছিলেন। কম্পিউটার ও ফোনে কতবার স্ক্যাম–সংশ্লিষ্ট বার্তা আসে, তা নিয়ে এক হাজার মার্কিন নাগরিকের ওপর জরিপ চালানো হয়। মেসেজ, ব্যক্তিগত ই–মেইল, ফোনকল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক যোগাযোগের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়। উত্তরদাতারা প্রতি সপ্তাহে এক থেকে দুবার, তিন থেকে পাঁচবার অথবা ছয় বা তার বেশিবার ভুয়া বার্তা পাওয়ার কথা জানান।’

প্রতি সপ্তাহে অন্তত একবার ভুয়া মেসেজ বা ই–মেইল পাওয়ার কথা জানিয়েছেন ৮০ শতাংশের বেশি মানুষ। প্রতি সপ্তাহে অন্তত একবার স্প্যাম কলের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ৭৫ শতাংশ মানুষ। সপ্তাহে ছয়বার বা তার বেশি ভুয়া ফোনকল পান ২৯ দশমিক ৪ শতাংশ মানুষ। ২৬ দশমিক ৫ শতাংশ মানুষ সপ্তাহে ৬ বার বা তার বেশি ভুয়া ই–মেইল পান। ১৮ শতাংশ উত্তরদাতা সপ্তাহে অন্তত ছয়বার ভুয়া টেক্সট মেসেজ পাওয়ার কথা জানান। বিশ্বজুড়ে এমন প্রবণতা বাড়ছে। সূত্র: পিসি ম্যাগ