গুগল
গুগল

ওয়েবসাইটের প্রতারণা ঠেকাতে গুগলের নতুন উদ্যোগ

অনলাইনে প্রতারণামূলক কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। নতুন এ উদ্যোগের আওতায় বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা ‘ব্যাক বাটন হাইজ্যাকিং’ নামের বিভ্রান্তিকর একটি কৌশলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, ১৫ জুনের মধ্যে ওয়েবসাইটে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এই সময়ের পরও ব্যাক বাটন হাইজ্যাকিং কৌশল ব্যবহার করলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের সার্চ র‍্যাঙ্কিং কমে যেতে পারে। এমনকি প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

গুগলের তথ্য অনুযায়ী, ব্যাক বাটন হাইজ্যাকিং হলো এমন একটি কৌশল, যেখানে কোনো ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্রাউজারের ‘ব্যাক’ বাটন ব্যবহার করে আগের পেজে ফিরে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করে। এর ফলে ব্যবহারকারীদের এমন পেজে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি আগে যাননি। এর ফলে ব্যবহারকারীরা অপ্রত্যাশিত বিজ্ঞাপন, বিভ্রান্তিকর সুপারিশ বা অনাকাঙ্ক্ষিত আধেয় বা কনটেন্ট দেখে থাকেন। এতে ব্যবহারকারীদের স্বাভাবিক ব্রাউজিং অভিজ্ঞতা বিঘ্নিত হয় এবং ব্যবহারকারীর ওপর অনাকাঙ্ক্ষিত চাপ তৈরি হয়।

গুগল জানিয়েছে, এ ধরনের আচরণ ব্রাউজার ব্যবহারের মৌলিক প্রত্যাশার পরিপন্থী। এতে ব্যবহারকারীর প্রত্যাশা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য তৈরি হয়, যা একদিকে যেমন বিভ্রান্তিকর, অন্যদিকে ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে এ ধরনের কৌশলের ব্যবহার বেড়ে যাওয়ায় নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে।

ওয়েবসাইট পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে গুগল জানিয়েছে, ব্রাউজারের স্বাভাবিক নেভিগেশন ব্যবস্থায় কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। বিশেষ করে এমন কোনো স্ক্রিপ্ট, কোড বা প্রযুক্তি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যা ব্যবহারকারীর ব্রাউজার হিস্টোরিতে প্রতারণামূলকভাবে নতুন পেজ যুক্ত করে বা আগের পেজে ফিরে যাওয়ার পথ বন্ধ করে দেয়। এ ধরনের কোনো ব্যবস্থা থাকলে তা দ্রুত অপসারণ বা নিষ্ক্রিয় করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া