সংবাদ সম্মেলনে আয়োজকেরা
সংবাদ সম্মেলনে আয়োজকেরা

অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাতে মাসব্যাপী প্রচারণা চালাবে এনসিক্যাম

অ্যাকাউন্টে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি ফিশিং আক্রমণ বিষয়ে সচেতন থাকলে অনলাইনে সহজেই নিরাপদ থাকা যায়। আর তাই অনলাইনে নিরাপদ থাকার কৌশল শেখাতে কাল থেকে সারা দেশে মাসব্যাপী প্রচারণা চালাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি (এনসিক্যাম)। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি (এনসিক্যাম) জানিয়েছে, প্রতিবছর অক্টোবর মাসে আন্তর্জাতিকভাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উদ্‌যাপন করা হয়ে থাকে। বৈশ্বিক এ উদ্যোগের অংশ হতে বাংলাদেশে ‘নিরাপদ অনলাইন কঠিন তো নয়, সতর্ক থাকলেই হয়’ প্রতিপাদ্যে এ বছর মাসব্যাপী প্রচারণার পাশাপাশি কর্মশালা, সভাসহ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটির (এনসিক্যাম) সমন্বয়ক কাজী মুস্তাফিজ জানান, অক্টোবর মাসের প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অ্যাকাউন্টে একাধিকস্তরের নিরাপত্তাব্যবস্থা, শক্তিশালী পাসওয়ার্ড, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, ফিশিং আক্রমণ চেনা ও অভিযোগের পদ্ধতি শেখাতে প্রচারণা চালানো হবে। সারা দেশে এ প্রচারণা চালানোর জন্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করারও উদ্যোগ নিয়েছে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটি (এনসিক্যাম)। cyberawarebd.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন এ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইবার নিরাপত্তা সচেতনতা মাসবিষয়ক জাতীয় কমিটির সদস্য মো. মুশফিকুর রহমান, মোবাইল অপারেটর রবির সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চক্রবর্তী, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) যুগ্ম মহাসচিব মো. আবদুল কাইউম প্রমুখ।