সার্ভারের জন্য ক্ষতিকর গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে
সার্ভারের জন্য ক্ষতিকর গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে

পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার

সাইবার নিরাপত্তার জগতে একের পর এক গুরুতর নিরাপত্তার দুর্বলতা শনাক্ত হচ্ছে। পিএইচপি নিরাপত্তাত্রুটির পর এবার কম্পিউটারে ফার্মওয়্যার তৈরির কাজে ব্যবহৃত ওপেন সোর্স ডেভেলপমেন্ট কিট ‘টিয়ানোকোর ইডিকে টু’তে গুরুতর নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটির কারণে সার্ভারে অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই ক্ষতিকর কোড যুক্ত করা সম্ভব। এর ফলে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত লাখ লাখ সার্ভার নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।

‘সিভিই–২০২৬–৯৭৬৩১’ নামের এই নিরাপত্তাত্রুটি যৌথভাবে শনাক্ত করেছেন অ্যানথ্রপিকের অ্যালেক্স মাতরোসভ ও গুগলের ড্যান হোমস–মিত্রা। ক্ষতির মাত্রা বিবেচনায় ত্রুটিটিকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ত্রুটির কারণে ডেটা সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সার্ভার নেটওয়ার্ক থেকে কোড ডাউনলোড করে চালু হয়, সেগুলো ঝুঁকিতে পড়তে পারে। ফলে বিশ্বের অধিকাংশ সার্ভার এতে আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ত্রুটিটি ইডিকে টুর পিএক্সই বেস কোড ড্রাইভারে পাওয়া গেছে। এই ড্রাইভারের মাধ্যমে সার্ভার, স্টোরেজ যন্ত্রসহ বিভিন্ন ডিভাইস নেটওয়ার্ক থেকে প্রয়োজনীয় কোড সংগ্রহ করে চালু হতে পারে। এ প্রক্রিয়ায় অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই যন্ত্রের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়। ফলে নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার আগেই হ্যাকাররা ক্ষতিকর কোড চালাতে পারে।

ইউইএফআই ফার্মওয়্যারে নিরাপত্তার দুর্বলতা শনাক্তের ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি পিএইচপিতে গুরুতর একটি নিরাপত্তাত্রুটির কারণে বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরপর এসব ত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে