গুগলের প্রথম ডুডল
গুগলের প্রথম ডুডল

ফিরে দেখা

২৮ বছর আগে প্রকাশ পেয়েছিল গুগলের প্রথম ডুডল

ইন্টারনেটের দুনিয়ায় বিশেষ কোনো দিন বা উৎসবের সূচনা মানেই গুগলের হোমপেজে নতুন রূপের লোগো। শিল্প ও প্রযুক্তির এই নিখুঁত মেলবন্ধন ‘ডুডল’ আজ বিশ্বজুড়ে এক পরিচিত সংস্কৃতি। তবে কালজয়ী এই ধারার শুরুটি হয়েছিল একদমই সাধারণ এক প্রয়োজনে।

আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৮ সালের ৩০ আগস্ট প্রকাশিত হয় ইতিহাস ছুঁয়ে যাওয়া প্রথম গুগল ডুডল। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন সে সময় যুক্তরাষ্ট্রের নেভাদায় অনুষ্ঠিত বার্নিং ম্যান উৎসবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। অফিসে অনুপস্থিত থাকাকালে সার্ভার সাময়িকভাবে অচল হলে ব্যবহারকারীদের বার্তা দেওয়ার কৌশল হিসেবে তাঁরা হোমপেজের লোগোয় একটি স্টিক ফিগার যুক্ত করেন। মূল লোগোর দ্বিতীয় ইংরেজি ও বর্ণটির পেছনে ওই উৎসবের প্রতীকী অবয়ব এঁকে তাঁরা ব্যবহারকারীদের জানান দেন, প্রতিষ্ঠাতা দল সাময়িকভাবে কার্যালয়ের বাইরে রয়েছে।

সূচনার দিনগুলোয় ডুডল ছিল অত্যন্ত সাধারণ মানের স্থিরচিত্র। এতে কোনো অ্যানিমেশন বা ক্লিক করার সুবিধা ছিল না। পরবর্তী সময়ে গুগলের জনসংযোগ কর্মকর্তা ডেনিস হুয়াং প্রথাগত ধারায় পরিবর্তন আনেন। ২০০০ সালের ১৪ জুলাই ফ্রান্সে পালিত বাস্তিল দিবসের জন্য তিনি বিশেষ লোগো নকশা করেন। এর সফলতা দেখে প্রতিষ্ঠাতা পেজ ও ব্রিন নিয়মিত ডুডল বানানোর দায়িত্ব দেন তাঁকে। পরে ধীরে ধীরে এই কাজ পরিচালনার জন্য ডুডলার্স নামে চিত্রশিল্পী ও প্রকৌশলীদের একটি বিশেষ দল গড়ে তোলে গুগল।

বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল

ডুডলে নতুন অধ্যায়ের সূচনা হয় ২০০০ সালের ৩১ অক্টোবর। ওই দিন প্রথম অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে হ্যালোইন উদ্‌যাপন করা হয়। এরপর ২০১০ সালের ২১ মে বিখ্যাত ভিডিও গেম প্যাক–ম্যানের ৩০ বছর পূর্তিতে তৈরি হয় প্রথম ইন্টারঅ্যাকটিভ ডুডল। সেখানে ব্যবহারকারীরা সরাসরি গেমটি খেলতে পারতেন। একই সময়ে ডুডলে হাইপারলিংক যুক্ত করার নিয়ম চালু হয়। কোনো ডুডলে ক্লিক করলেই সে বিষয়–সংক্রান্ত অনুসন্ধান পাতায় নিয়ে যাওয়ার সুবিধা চালু করে প্রতিষ্ঠানটি।

বিগত আড়াই দশকে বিশ্বনেতা, বিজ্ঞানী, শিল্পী ও বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরতে পাঁচ হাজারের বেশি ডুডল প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়া বিশেষ লোগো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটির এক অনন্য পরিচয় গড়ে তুলেছে। তিন দশক স্পর্শ করতে যাওয়া এই উদ্ভাবন কেবল একটি তথ্য অনুসন্ধান প্রযুক্তির লোগো হিসেবে সীমাবদ্ধ নেই, শিল্প ও বৈশ্বিক ইতিহাসের এক জীবন্ত দলিল হিসেবে ইতিহাস গড়েছে। বাংলাদেশের বিভিন্ন দিবস উপলক্ষেও ডুডল দেখা যায়। বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রকাশ করা হয় ২০১৩ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে।

সূত্র: গুগল ডুডল আর্কাইভ