সাইবার হামলার প্রতীকী ছবি
সাইবার হামলার প্রতীকী ছবি

এক্স মানি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে সাইবার হামলা

খুদে ব্লগ লেখার সাইট এক্সের নতুন অর্থ লেনদেনের সেবা ‘এক্স মানি’ চালুর পর ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করছে একদল সাইবার অপরাধী। একাধিক এক্স মানি ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা পাসওয়ার্ড পরিবর্তনের কোনো অনুরোধ না করলেও এ–সংক্রান্ত একাধিক ই–মেইল পেয়েছেন। এক্স মানি ব্যবহারকারীদের লক্ষ্য করে সাইবার হামলা চালানোর বিষয়টি স্বীকার করলেও এখন পর্যন্ত কোনো এক্স মানি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের দখলে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে এক্স।

ব্যবহারকারীদের কাছ থেকে একের পর এক অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এক্স। এক্সের পণ্য প্রকৌশলী মৃদুল সিংহাই এক পোস্টে জানিয়েছেন, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে ব্যাপক হারে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। এক্স মানি চালু হওয়ার পর হামলাকারীরা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় ব্যবহারকারীদের কাছে একাধিক ই–মেইল যাওয়ার জন্য দুঃখও প্রকাশ করেছে এক্স।

এক্স মানি হলো এক্সের নতুন অর্থ লেনদেনের সেবা। জুলাইয়ের শেষ নাগাদ চালু হওয়া এই সেবা কাজে লাগিয়ে ৩ শতাংশ ক্যাশব্যাকের সুবিধাসহ ব্যাংক কার্ডের মাধ্যমে অর্থ লেনদেন ও এটিএম থেকে বিনা মূল্যে টাকা তোলা যায়। এ ছাড়া আরও কিছু ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পাওয়া যায় এক্স মানিতে। ফলে এক্স মানি কাজে লাগিয়ে সহজে অনলাইনে কেনাকাটা ও অর্থ লেনদেন করা যায়।

এক্স মানি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে সাইবার হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এক্সের প্রধান আইন কর্মকর্তা জেমস বার্নহাম। এক পোস্টে তিনি বলেন, প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের ক্ষতি করার চেষ্টা করা ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এক্সের আইন ও নিরাপত্তা দল সর্বোচ্চ চেষ্টা করছে। হামলাকারীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাঁকে আইনের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

সূত্র: টেকক্রাঞ্চ