সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা

সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে শুরু হচ্ছে ফিনিক্স সামিট

দেশের সাইবার নিরাপত্তা খাতকে আরও শক্তিশালী করতে ২৩ থেকে ২৭ জুন ঢাকায় আয়োজন করা হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’। সরকার, শিল্প খাত, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা–সংশ্লিষ্ট পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে আনার মাধ্যমে সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরি, বিভিন্ন অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও দেশের ডিজিটাল স্থিতিশীলতা জোরদার করতে পাঁচ দিনের এ সম্মেলন ভূমিকা রাখবে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের প্রথম তিন দিন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কারিগরি কর্মশালার আয়োজন করা হবে। এরপর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৬ ও ২৭ জুন সম্মেলনের মূল অনুষ্ঠান হবে। তিন দিনের কারিগরি কর্মশালায় আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা কর্মশালা, প্রযুক্তিভিত্তিক আলোচনা, নেতৃত্ব পর্যায়ের সংলাপ ও জ্ঞান বিনিময় সেশন আয়োজন করা হবে। বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এসব সেশনে প্রশিক্ষণ দেবেন। সম্মেলনে দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় অনুষ্ঠেয় এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি।

সংবাদ সম্মেলনে দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামীম রেজা বলেন, ‘সাইবার নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়। এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের প্রশ্ন। ফিনিক্স সামিট আয়োজনের মাধ্যমে আমরা সরকার, শিল্প খাত, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা পেশাজীবীদের একত্রিত করে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছি।’

সম্মেলন উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের পরিচালক দিহান ইসলাম ও উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদ।