
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি প্রাইভেসির সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ইনস্টাগ্রামের জনপ্রিয় ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মতো এবার স্ট্যাটাস আপডেটও সীমিত পরিসরের নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ আনতে পারে প্রতিষ্ঠানটি। এতে ব্যক্তিগত মুহূর্ত বা নির্বাচিত আপডেট সবার পরিবর্তে নির্বাচিত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া সহজ হবে।
ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৫.১৩–এ ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস–সুবিধার পরিবর্তন হতে পারে। তবে সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যাটাস শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য কাস্টম কন্ট্যাক্ট তালিকা তৈরির সুবিধা নিয়ে কিছুদিন ধরেই কাজ করছে প্ল্যাটফর্মটি। এর ফলে প্রতিবার আলাদা করে প্রাইভেসি সেটিংস পরিবর্তন না করেও নির্দিষ্ট একটি গ্রুপের মানুষের সঙ্গে স্ট্যাটাস ভাগ করা যাবে। সম্ভাব্য ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকাটি সেই উদ্যোগেরই অংশ।
ব্যবহারকারীরা দুটি উপায়ে এই তালিকা তৈরি করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। একদিকে স্ট্যাটাসের প্রাইভেসি সেটিংস থেকে সরাসরি কন্ট্যাক্ট নির্বাচন করা যাবে। অন্যদিকে স্ট্যাটাস স্ক্রিনের ভেতর থেকেও তালিকাটি পরিচালনার সুযোগ থাকতে পারে। প্রয়োজনে যেকোনো সময় তালিকায় পরিবর্তন আনা যাবে। তবে পরিবর্তনের পর তা কার্যকর হবে পরবর্তী স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে।
ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যমতে, ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকাভুক্ত ব্যক্তিরা ব্যবহারকারীর প্রোফাইল ছবির চারপাশে ভিন্ন রঙের একটি রিং দেখতে পাবেন। এর মাধ্যমে বোঝা যাবে, স্ট্যাটাসটি সীমিত পরিসরের মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্টোরির মতোই এটি কাজ করবে।
এদিকে সাম্প্রতিক আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি সাবস্ক্রিপশন–সুবিধাও চালুর কথা ভাবছে। এতে প্রিমিয়াম স্টিকার, থিম ও অতিরিক্ত চ্যাট পিন করার মতো বিশেষ সুবিধা যুক্ত হতে পারে।
সূত্র: গ্যাজেটস৩৬০