কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ভিডিও তৈরির প্ল্যাটফর্ম গুগল ভিডসে কাস্টম মিউজিক তৈরির টুল, এআই অ্যাভাটার যুক্ত করার পাশাপাশি লেখা থেকে ভিডিও তৈরির সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে গুগল। টেক্সট-টু-ভিডিও সুবিধাটি এত দিন শুধু অর্থের বিনিময়ে নিবন্ধিত গ্রাহকদের জন্য সীমিত থাকলেও এবার ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও নির্দিষ্ট সীমার মধ্যে সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
গুগলের তথ্যমতে, নতুন সুবিধাগুলো চালুর ফলে বিনা মূল্যের গুগল ভিডস ব্যবহারকারীরা এখন লেখা থেকে সর্বোচ্চ ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। প্রাথমিকভাবে প্রতি মাসে সর্বোচ্চ ১০টি ভিডিও তৈরি করতে পারবেন তাঁরা। ব্যবহারকারীরা চাইলে তাঁদের সাধারণ চিন্তাভাবনাকে ভিডিওতে রূপান্তর করতে গুগলের সর্বশেষ ভিডিও জেনারেশন মডেল ‘ভিও ৩.১’ ব্যবহার করতে পারবেন।
ভিডিওতে নিজেদের পছন্দ অনুযায়ী গান ব্যবহার করতে আগ্রহীদের জন্য গুগল ভিডসে ‘লিরিয়া ৩’ এবং ‘লিরিয়া ৩ প্রো’ মডেল যুক্ত করা হয়েছে। নতুন এই সুবিধা চালুর ফলে গুগল এআই প্রো এবং আলট্রা ব্যবহারকারীরা ৩০ সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ৩ মিনিটের গান তৈরি করতে পারবেন। তবে এ সুবিধা বিনা মূল্যে ব্যবহারকারীরা পাবেন না।
নতুন যুক্ত হওয়া এআই অ্যাভাটার–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চ্যুয়াল সঞ্চালকের এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন। এসব ভার্চ্যুয়াল সঞ্চালকের মুখচ্ছবি ও কণ্ঠ একই থাকবে। ফলে বিভিন্ন ভিডিওতে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। নির্দিষ্ট দৃশ্যে অ্যাভাটার স্থাপন করা যাবে এবং আপলোড করা বিভিন্ন অবজেক্ট বা বস্তুর সঙ্গে তাদের মিথস্ক্রিয়াও দেখানো যাবে। এমনকি এআই অ্যাভাটারের পোশাক পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ড বদলানোর নিয়ন্ত্রণও ব্যবহারকারীর হাতে থাকবে। তবে এ সুবিধা প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে গুগল এআই প্রো এবং আলট্রা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ব্যবহারকারীদের ভিডিও তৈরি ও শেয়ার করার প্রক্রিয়া সহজ করতে ‘স্ক্রিন রেকর্ডার ক্রোম এক্সটেনশন’ টুল যুক্ত করেছে গুগল। টুলটির মাধ্যমে সহজেই যন্ত্রের পর্দার ভিডিও ধারণ করা যাবে। এ ছাড়া গুগল ভিডস থেকে সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করার সুযোগ মিলবে। ফলে ভিডিও ডাউনলোডের বাড়তি ঝক্কি পোহাতে হবে না।
সূত্র: ইন্ডিয়া টুডে