
অনেকেই হয়তো ভাবতে পারেন, মুঠোফোনের মাধ্যমে গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবহারকারীর ওপর নজরদারি করছে। আপনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন সবকিছুই জেনে যাচ্ছে তারা। শুনতে রহস্যজনক মনে হলেও বাস্তবে এমন কিছুর সত্যতা মেলেনি এখনো। তবে সম্প্রতি ‘কক্স মিডিয়া গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান দাবি করছে, তারা মুঠোফোনের মাধ্যমে মানুষের কথাবার্তা শুনছে এবং সে অনুযায়ী তাদের কাছে বিজ্ঞাপন পাঠানো হচ্ছে।
ফোর জিরো ফোর মিডিয়ার এক গবেষণায় উঠে এসেছে, কক্স মিডিয়া গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন অঞ্চলের মানুষের বক্তব্য রেকর্ড করছে। প্রতিষ্ঠানটি দাবি করছে, তাদের এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর। মুঠোফোন ও টেলিভিশনের মাইক্রোফোনের মাধ্যমে তারা মানুষের কথাবার্তা সংগ্রহ করে। এই প্রযুক্তির নাম দেওয়া হয়ছে ‘অ্যাকটিভ লিসেনিং’।
উদাহরণস্বরূপ, কেউ যদি তাঁর মুঠোফোন পাশে রেখে তাঁর বন্ধুকে বলেন, ‘আমার রুমের এসিটা পুরোনো হয়ে গেছে’, এই তথ্য সংগ্রহ করবে কক্স মিডিয়া। তাঁদের এই তথ্য ব্যবহার করে এসি বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো সেই ব্যক্তির সামনে বিজ্ঞাপন দেবে। কক্স মিডিয়া জানিয়েছে, তারা ইতিমধ্যে অ্যামাজন, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে।
এই তথ্যগুলো কীভাবে সংগ্রহ করা হয়, এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। অনেকেই মনে করছেন, বর্তমানে মুঠোফোনের নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট শক্তিশালী, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো অ্যাপ তাদের কথাবার্তা রেকর্ড করতে পারে না। তা ছাড়া আইফোনসহ বেশ কিছু মুঠোফোনে ভয়েস রেকর্ডার বা ক্যামেরা চালু থাকলে ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হয়। এসব কারণে কক্স মিডিয়ার দাবিকে হেসে উড়িয়ে দিচ্ছেন অনেকে। তবে যা-ই হোক, ব্যবহারকারীদের উচিত তথ্যের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া এবং অপরিচিত কোনো উৎস থেকে অ্যাপ্লিকেশন নামানো থেকে বিরত থাকা।
সূত্র: ম্যাশেবল