
অপরিচিত নম্বর থেকে ফোন এলে এখন কলারের নাম ও ফোন নম্বরের পাশাপাশি তাঁর কর্মস্থল ও পদবির তথ্যও দেখা যাবে ট্রুকলারে। পেশাগত যোগাযোগের ক্ষেত্রে যিনি কল করছেন তাঁর পরিচয় সম্পর্কে বাড়তি তথ্য দিতে লিংকডইনের সঙ্গে অংশীদারত্ব করে এ সুবিধা চালু করেছে কল শনাক্ত করার সেবা ট্রুকলার।
নতুন সুবিধার আওতায় কোনো ব্যক্তি তাঁর লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করলে তাঁর পেশাগত পরিচয়ের তথ্য কলার আইডিতে দেখানো হতে পারে। তবে কোন তথ্য দেখানো হবে, তা নির্ধারণের সুযোগ থাকবে ব্যবহারকারীর হাতে। অর্থাৎ লিংকডইন প্রোফাইল যুক্ত করলেই সেখানে থাকা সব তথ্য ট্রুকলারে স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে না।
ধরা যাক, কোনো নিয়োগকর্তা, গ্রাহক, সরবরাহকারী, পরামর্শক বা ব্যবসায়িক সহযোগী এমন একটি নম্বর থেকে ফোন করেছেন, যা আপনার ফোনে সংরক্ষিত নেই। ওই ব্যক্তি লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করে রাখলে কলার আইডিতে তাঁর নাম, প্রোফাইল ছবি, পদবি ও প্রতিষ্ঠানের নাম দেখা যেতে পারে। চাইলে সেখান থেকেই তাঁর লিংকডইন প্রোফাইলেও প্রবেশ করা যাবে।
লিংকডইন প্রোফাইল ট্রুকলারের সঙ্গে যুক্ত করার পর কলার আইডিতে ব্যবহারকারীর বিভিন্ন পেশাগত তথ্য দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে, নাম ও প্রোফাইল ছবি, বর্তমান কর্মস্থল বা প্রতিষ্ঠানের নাম, পদবি, লিংকডইনে যাচাই করা পরিচয়ের তথ্য এবং লিংকডইন প্রোফাইলের লিংক। লিংকডইনের যাচাইব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তির পরিচয় বা কর্মস্থলের তথ্য যাচাই করা যায়। ‘ভেরিফায়েড অন লিংকডইন’ কর্মসূচির মাধ্যমে এখন লিংকডইনের বাইরের বিভিন্ন সেবাতেও এসব যাচাইয়ের তথ্য দেখানোর সুযোগ তৈরি হয়েছে। ট্রুকলার এ কর্মসূচির নতুন অংশীদার।
নতুন ট্রুকলার ব্যবহারকারীরা অ্যাকাউন্ট তৈরির সময় ‘লগইন উইথ লিংকডইন’ অপশন ব্যবহার করে লিংকডইন প্রোফাইল যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে লিংকডইন অ্যাকাউন্টে থাকা নাম ও প্রোফাইল ছবির মতো তথ্য ট্রুকলারের প্রোফাইলে যুক্ত হতে পারে।
যাঁরা আগে থেকেই ট্রুকলার ব্যবহার করছেন, তাঁরা ‘ভেরিফায়েড অন লিংকডইন’ সুবিধার মাধ্যমে নিজেদের লিংকডইন প্রোফাইল যুক্ত করতে পারবেন। এভাবে কর্মস্থল ও পদবির তথ্য ট্রুকলার প্রোফাইলে যোগ করা যাবে। দুটি প্রোফাইল যুক্ত হওয়ার পর ওই ব্যক্তি যখন অন্য কোনো ট্রুকলার ব্যবহারকারীকে ফোন করবেন, তখন কলার আইডিতে তাঁর পেশাগত পরিচয়ের তথ্য দেখা যেতে পারে। লিংকডইনে তাঁর কর্মস্থল যাচাই করা থাকলে, ট্রুকলারে প্রতিষ্ঠানের নামের পাশে যাচাইয়ের নির্দেশকও দেখা যেতে পারে। এতে ফোন গ্রহণকারী ব্যক্তি কলারের পেশাগত পরিচয় সম্পর্কে বাড়তি একটি তথ্যসূত্র পাবেন। লিংকডইন ২৩ সেপ্টেম্বর জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ১১ কোটি ৫০ লাখের বেশি সদস্যের পরিচয় যাচাই করা হয়েছে। লিংকডইনের যাচাইব্যবস্থা এখন ট্রুকলারের পাশাপাশি অ্যাডোবি, ট্রাস্টরেডিয়াস, ইউজারটেস্টিং ও পিয়ারস্পটের মতো অংশীদার প্রতিষ্ঠানের সেবাতেও সম্প্রসারণ করা হচ্ছে।
ট্রুকলার জানিয়েছে, লিংকডইনের সঙ্গে নতুন এ সুবিধা বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি পরে চালু করা হবে। ব্যবহারকারীরা চাইলে ট্রুকলারে তাঁদের কর্মস্থল ও পদবির তথ্য দেখানো বন্ধ করতে পারবেন। একইভাবে যেকোনো সময় ট্রুকলার থেকে লিংকডইন প্রোফাইলের সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। লিংকডইনের সঙ্গে অংশীদারত্বের এ সুবিধা ট্রুকলারের বিদ্যমান পরিচয় যাচাইব্যবস্থার বিকল্প নয়। ট্রুকলারে আগে থেকেই ব্যক্তিগত পরিচয় ও ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ের বিভিন্ন ব্যবস্থা রয়েছে।
সূত্র: নিউজ১৮ ডটকম