ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে হ্যাকাররা
ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে হ্যাকাররা

ভুয়া মেসেজিং অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তথ্য চুরি করছে হ্যাকাররা

অনলাইনে নিরাপদ যোগাযোগের জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে ম্যালওয়্যারযুক্ত ভুয়া মেসেজিং অ্যাপ তৈরি করেছে ‘ডু নট টিম’ নামে পরিচিত একদল হ্যাকার। ভুয়া মেসেজিং অ্যাপগুলো নামালেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ‘তানজিম’ ও ‘তানজিম আপডেট’ নামের দুটি ম্যালওয়্যার প্রবেশ করে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরির পাশাপাশি নজরদারি করতে থাকে।

সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান সাইফিরমা গত বছরের অক্টোবর ও ডিসেম্বর মাসে ম্যালওয়্যার দুটি শনাক্ত করে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ম্যালওয়্যার দুটি কার্যত একই ধরনের হলেও ইন্টারফেসে সামান্য পার্থক্য রয়েছে। মেসেজিং অ্যাপের ছদ্মাবরণে তৈরি ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো নামানোর সময়ই স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। এরপর ব্যবহারকারীদের অজান্তেই স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি নজরদারি করতে থাকে। ধারণা করা হচ্ছে, অ্যাপগুলো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর তথ্য চুরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

সাইফিরমার তথ্যমতে, ডু নট টিম হ্যাকার দলের সদস্যরা প্রথমে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে ভুয়া মেসিজিং অ্যাপ ব্যবহারের প্রলোভন দেখায়। তবে অ্যাপগুলো নামিয়ে ব্যবহার করতে গেলে ফোনের পর্দায় চ্যাট স্ক্রিন দেখা গেলেও অ্যাপ চালু করা যায় না। এর ফলে অ্যাপ চালুর জন্য ফোনের কল লগ, কন্টাক্টস, এসএমএস বার্তা, সুনির্দিষ্ট অবস্থান, অ্যাকাউন্টের তথ্যসহ ফোনে ধারণ করা সব তথ্য দেখার অনুমতি দিতে বাধ্য হন ব্যবহারকারীরা। অনুমতি নেওয়ার পরপরই অ্যাপগুলো ফোনে থাকা গুরুত্বপূর্ণ সব তথ্য সংগ্রহ করে দূরে থাকা হ্যাকারদের সার্ভারে পাঠাতে থাকে। ফোনের পর্দার স্ক্রিনশট বা ভিডিও ধারণও করতে পারে ভুয়া মেসেজিং অ্যাপগুলো।

সাইবার হামলা থেকে নিরাপদে থাকতে অ্যাপ নামানোর সময় বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অ্যাপ নামানোর আগে নির্মাতাদের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি অন্য ব্যবহারকারীদের মন্তব্যও ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি যেসব অ্যাপ দ্রুত ব্যাটারি খরচ করে, সেগুলো নামানো থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: দ্য হ্যাকার নিউজ