
আগামী ৪ মার্চ ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। নিউইয়র্ক, লন্ডন ও সাংহাইয়ে একযোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটু ফাইভ ম্যাক।
সংক্ষিপ্ত ও রহস্যময় বার্তার মাধ্যমে আগাম কৌতূহল তৈরি করা অ্যাপলের পরিচিত কৌশল। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমন্ত্রণপত্রে সময়সূচি ছাড়া অনুষ্ঠানের ধরন বা সম্ভাব্য ঘোষণা সম্পর্কে অ্যাপল কোনো তথ্যই জানায়নি। ফলে অ্যাপলের পাঠানো আমন্ত্রণপত্র ঘিরে প্রযুক্তিবিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আমন্ত্রণপত্রে অ্যাপলের লোগো তৈরি করা হয়েছে হলুদ ও সবুজ রঙের সংমিশ্রণে। লোগোর রং দেখে অনেকে ধারণা করছেন, নতুন এই রঙে বাজারে আসতে পারে নতুন ম্যাকবুক। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, অ্যাপল বেশ কয়েকটি নতুন পণ্য উন্মোচন করতে পারে। সম্ভাব্য তালিকায় আইফোন ১৭ই, এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপযুক্ত নতুন ম্যাকবুক প্রো, অষ্টম প্রজন্মের আইপ্যাড এয়ার, দ্বাদশ প্রজন্মের আইপ্যাডসহ বেশ কিছু প্রযুক্তিপণ্য রয়েছে।
বিশেষ অনুষ্ঠানটিকে ‘ইভেন্ট’ না বলে ‘এক্সপেরিয়েন্স’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি নিজেদের অফিশিয়াল ইভেন্ট পেজেও তালিকাভুক্ত করেনি অ্যাপল। আর তাই অনুষ্ঠানে নতুন পণ্য উন্মুক্তের বদলে প্রদর্শন করা হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
সূত্র: ম্যাশেবল