প্রত্যাশার চেয়ে বেশি সাড়া জাগায় উইন্ডোজ ৯৫
প্রত্যাশার চেয়ে বেশি সাড়া জাগায় উইন্ডোজ ৯৫

প্রযুক্তির এই দিনে: ২৪ আগস্ট

বাজারে এল মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫

বাজারে আসে মাইক্রোসফটের সাড়াজাগানো উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম।

২৪ আগস্ট ১৯৯৫
বাজারে মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫
এটা সে সময় এক বিপ্লবই ছিল। আইবিএম ঘরানার পারসোনাল কম্পিউটারের জন্য শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন বাজারে ছাড়ে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেম। এই পণ্য বাজারে আনার জন্য সেই সময়ে সবচেয়ে বড় প্রচারণাই চালায় মাইক্রোসফট। সব পূর্বাভাসকে ছাপিয়ে যায় উইন্ডোজ ৯৫-এর বিক্রি। উইন্ডোজ ৯৫ বাজারে আসার ঠিক দুই বছর আগে মাইক্রোসফটের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের মামলা করেছিল অ্যাপল কম্পিউটার। কারণ, উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমে ম্যাক ওসের বৈশিষ্ট্য ও ব্যবহারের অনুভূতি উপস্থিত ছিল।
ঠিক এক বছর পর ১৯৯৬ সালের ২৪ আগস্ট ফ্যাট৩২ ও এমএমএক্স সমর্থনসহ মাইক্রোসফট বাজারে আনে উইন্ডোজ ৯৫ ওএসআর-২।

স্টিভ জবস

২৪ আগস্ট ২০১১
স্বাস্থ্যগত কারণে অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়ান স্টিভ জবস
অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে স্টিভ জবসের পদত্যাগ বিস্ময়কর হলেও পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। ২০০৯ সালে যকৃৎ প্রতিস্থাপনের জন্য স্টিভ জবস বেশ কয়েক মাস ছুটি নিয়েছিলেন। ২০১১ সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য জবস আবারও ছুটি নেন।

সবচেয়ে হালকা ও পাতলা ল্যাপটপ ম্যাকবুক এয়ারের ঘোষণা দিচ্ছেন স্টিভ জবস, ২০০৮

পদত্যাগপত্রে স্টিভ জবস নির্দিষ্ট কোনো কারণের কথা উল্লেখ করেননি। তবে কারণগুলো যে স্বাস্থ্যগত, তা বোঝা গেছে। যদিও জানুয়ারিতে কয়েকটি অনুষ্ঠানে জনসম্মুখে এসেছিলেন তিনি। পদত্যাগ করার পর দ্রুতই অ্যাপলের পরিচালনা পর্ষদ স্টিভ জবসের পরামর্শ গ্রহণ করে টিম কুককে সিইও হিসেবে নিয়োগ দেয়। একই সঙ্গে স্টিভ জবসকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াক অ্যাপল প্রতিষ্ঠা করেন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার ওয়ার্ল্ড