ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পূর্ণ ভিন্ন একটি প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া
ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পূর্ণ ভিন্ন একটি প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া

টেকবার্তা

ক্রিপ্টোকারেন্সি মাইনিং কী

ডিজিটাল মুদ্রার জগতে মাইনিং বলতে কী বোঝায়? বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির লেনদেন যাচাই এবং নতুন মুদ্রা তৈরির একটি প্রক্রিয়া হলো মাইনিং। প্রচলিত অর্থে খনি থেকে সোনা উত্তোলনের সঙ্গে এর কিছুটা মিল থাকলেও ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পূর্ণ ভিন্ন একটি প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া।

ক্রিপ্টোকারেন্সি মাইনিং হলো বিশেষায়িত কম্পিউটার ব্যবহার করে প্রুফ অব ওয়ার্ক (পিওডব্লিউ) পদ্ধতির ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার প্রক্রিয়া। এর মাধ্যমে একগুচ্ছ লেনদেন যাচাই করে ব্লকচেইনে সংরক্ষণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকচেইনের নিয়ম অনুযায়ী নতুন ডিজিটাল মুদ্রাও তৈরি হতে পারে।

প্রুফ অব ওয়ার্ক পদ্ধতিতে নতুন ব্লক যুক্ত করার জন্য মাইনারদের জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এ কাজে তাঁরা বিপুল কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করেন। কে সবার আগে সমস্যাটির সমাধান করতে পারবেন, তা নিয়ে মাইনারদের মধ্যে প্রতিযোগিতা চলে। যিনি প্রথমে সঠিক সমাধান খুঁজে পান, তিনি ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার সুযোগ পান। পুরস্কার হিসেবে তিনি ওই ব্লকের লেনদেন ফি এবং নতুন তৈরি হওয়া ক্রিপ্টোকারেন্সি পেতে পারেন।

মাইনিংয়ের জন্য বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হয়। এই ক্ষমতা পরিমাপের একক হলো হ্যাশ রেট। প্রতি সেকেন্ডে একটি কম্পিউটার কতবার হ্যাশ তৈরি করতে পারে, তা দিয়ে এর হ্যাশ রেট নির্ধারণ করা হয়। হ্যাশিং হলো একটি ক্রিপ্টোগ্রাফিক প্রক্রিয়া, যার মাধ্যমে লেনদেনের তথ্যসহ বিভিন্ন উপাত্তকে নির্দিষ্ট দৈর্ঘ্যের অক্ষর ও সংখ্যার সমন্বয়ে একটি সংকেতে রূপান্তর করা হয়। এই সংকেতকে বলা হয় হ্যাশ।

মাইনিংয়ের কাজে সাধারণ কম্পিউটারের পরিবর্তে বিশেষায়িত হার্ডওয়্যার ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট (এএসআইসি) এবং গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ)। এসব যন্ত্র দ্রুত ও কার্যকরভাবে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো বিকেন্দ্রীকরণ। অর্থাৎ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে লেনদেন যাচাইয়ের কাজ পরিচালিত হয় না। নেটওয়ার্কের বিভিন্ন অংশগ্রহণকারী সম্মিলিতভাবে লেনদেন যাচাই করেন। এটি ব্লকচেইনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সহায়তা করে।

সূত্র: ব্রিটানিকা ডটকম

  • আহসান হাবীব

  • টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com