অ্যাপলের লোগো
অ্যাপলের লোগো

অ্যাপ বানানো শেখাবে অ্যাপলের এআর-ভিআর হেডসেট

ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। এটা পুরোনো খবর। এবার খবর রটেছে, হেডসেটটি পরে অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ তৈরির বিভিন্ন কৌশলও শেখা যাবে। ফলে কারও সাহায্য ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য নতুন একটি সফটওয়্যার তৈরির কাজ করেছে অ্যাপল।

হেডসেটটি তৈরির সঙ্গে যুক্ত চার ব্যক্তি জানিয়েছেন, সহজে ব্যবহার উপযোগী সফটওয়্যারটি কাজে লাগিয়ে যাঁরা প্রোগ্রামিং ভাষা জানেন না, তাঁরাও অ্যাপ তৈরির বিভিন্ন কৌশল শিখতে পারবেন। এ জন্য হেডসেট পরা অবস্থায় ব্যবহারকারীদের মৌখিক নির্দেশনা দেবে অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি। ভুলও ধরিয়ে দেবে। ফলে ধীরে ধীরে নিজেদের পছন্দের অ্যাপ তৈরি করা যাবে। অ্যাপগুলো চাইলে অ্যাপ স্টোরে রাখা যাবে। ফলে অন্যরাও অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

বর্তমানে হেডসেট তৈরির পাশাপাশি নিজেরাই বিভিন্ন ধরনের এআর অ্যাপ তৈরি করছে অ্যাপল। এই সফটওয়্যার চালু হলে হেডসেটের জন্য এআর অ্যাপ তৈরির সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। শুধু তা–ই নয়, হেডসেটেই বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ মিলবে।

উল্লেখ্য, অ্যাপলের হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির ছবি দেখা যাবে। দুটি ফোর–কে প্রযুক্তির মাইক্রো ও এলইডি ডিসপ্লে-সুবিধার হেডসেটটি ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে ভিডিও প্রদর্শন করবে। এর ফলে হেডসেটটি ফেসবুকের ‘কুইস্ট প্রো’ হেডসেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।