বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের প্রচারপত্র
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের প্রচারপত্র

মেয়েদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হচ্ছে

বাংলাদেশে প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি)’। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথভাবে এই প্রতিযোগিতা পরিচালনা করবে। আয়োজনের সফল বাস্তবায়নে সম্প্রতি বিএফএফ এবং বিডিওএসএনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। আজ রোববার বিডিওএসএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএফএফের পক্ষে নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও বিডিওএসএনের পক্ষে সভাপতি মুনির হাসান এই স্মারকে সই করেছেন। বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। ঢাকায় জাতীয় ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পাশাপাশি দেশজুড়ে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা কার্যক্রম, মিনি ক্যাম্প ও অংশগ্রহণকারীদের জন্য পাঁচ দিনের নিবিড় অনলাইন প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে।

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলতি মাসজুড়ে চলবে। প্রাথমিক পর্ব আগামী অক্টোবর মাসে হবে এবং ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইটে । আর বিস্তারিত জানা যাবে বিডিওএসএনের ওয়েবসাইটে