দেশের বাজারে ১০ হাজার টাকার মধ্যে একাধিক প্রতিষ্ঠানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে
দেশের বাজারে ১০ হাজার টাকার মধ্যে একাধিক প্রতিষ্ঠানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। আর তাই ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ছুটে চলেছেন এক বিপণিবিতান থেকে অন্য বিপণিবিতানে। ঈদের কেনাকাটার তালিকায় স্মার্টফোনও রয়েছে অনেকের। কম বাজেটের ক্রেতাদের জন্য বাজারে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ফোনের ক্যামেরা, পর্দার আকার, প্রসেসর ও দাম তুলে ধরা হলো।

১. সিম্ফোনি ম্যাক্স ১০

যাঁরা একদম কম বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে সিম্ফোনি ম্যাক্স ১০। ৬.৫৬ ইঞ্চি আইপিএস পর্দার ফোনটিতে রয়েছে ইউনিসক প্রসেসর। ফোনটির পেছনে রয়েছে ৫ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচারযুক্ত ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, ফলে টানা ৪০ ঘণ্টা কথা বলা যায়। ফোনটির দাম ৭ হাজার ৫০ টাকা।

২. ওয়ালটন প্রিমো জিএইচ১১

তুলনামূলক কম দামে শক্তিশালী র‍্যাম ব্যবহার করা হয়েছে ওয়ালটন প্রিমো জিএইচ১১ ফোনে। ৬.৫২ ইঞ্চি এইচডিপ্লাস আইপিএস পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও প্রসেসর ও ৪ গিগাবাইট র‍্যাম থাকায় দ্রুত কাজ করার পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাযুক্ত ফোনটির দাম ৭ হাজার ৯৯৪ টাকা।

৩. ওয়ালটন অরবিট ওয়াই১৩

৬.৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ১.৬ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর এবং পাওয়ারভিআর জিপিইউ থাকায় দ্রুতগতিতে কাজ করা যায়। অ্যান্ড্রয়েড ১৪ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে, যা চাইলে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটির দাম ৭ হাজার ৯৯৯ টাকা।

৪. সিম্ফোনি অ্যাটম ৫

৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রেজোল্যুশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ১২ ন্যানোমিটার আর্কিটেকচারের ইউনিসক অক্টাকোর প্রসেসর এবং মালি জিপিইউ রয়েছে। ফলে দ্রুত কাজ করার পাশাপাশি ভালো মানের ভিডিও দেখা যায়। ফোনটির সামনে–পেছনে ৫ ও ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে আরও রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ৮ হাজার ৯৯৯ টাকা।

৫. আইটেল এ৫০সি

অ্যান্ড্রয়েড ১৪ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬.৫৬ ইঞ্চি পর্দার আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। ইউনিসক অক্টাকোর প্রসেসরে চলা ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির দাম ৯ হাজার ৪৩৫ টাকা।

৬. জেডটিই নুবিয়া এ৩৬

৬.৭৫ ইঞ্চি এইচডিপ্লাস পর্দাযুক্ত ফোনটি রিফ্রেশ রেট ৯০ হার্ডজ হওয়ায় উন্নত মানের ছবি ও ভিডিও দেখা যায়। ইউনিসক প্রসেসরযুক্ত ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির দাম ৯ হাজার ৭৫০ টাকা।

৭. প্রোটোন এক্স১০ প্রো

৬.৬ ইঞ্চির এইচডি প্লাস পর্দার ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের ইউনিসক অক্টাকোর প্রসেসর, যা দৈনন্দিন কাজের জন্য বেশ কার্যকর। প্রোটোন এক্স১০ প্রোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ৫২ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। সামনেও রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও করা যায়। পাঞ্চ-হোল ডিসপ্লেপ্রযুক্তির ফোনটির দাম ৯ হাজার ৯২৯ টাকা।

৮. নকিয়া সি২২

৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি পর্দার নকিয়া সি২২ মডেলের ফোনটিতে ইউনিসক প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ১৩ ও ২ মেগাপিক্সেলের উন্নত মানের ক্যামেরা থাকায় ভালো মানের ছবি তোলা যায়। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনটির দাম ৯ হাজার ৯৭৪ টাকা।