ইনস্টল করার পর নানা সমস্যা দেখা দিচ্ছে আইফোনে
ইনস্টল করার পর নানা সমস্যা দেখা দিচ্ছে আইফোনে

আইওএস ২৬.২.১ আপডেটে ভোগান্তি, অ্যাপ ক্র্যাশ ও ওয়াই–ফাই সমস্যা

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার পর নানা ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছেন অনেক আইফোন ব্যবহারকারী। ব্যবহারকারীদের অভিযোগ, হালনাগাদের পর অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, ফোন নিজে থেকেই রিস্টার্ট হচ্ছে এবং ওয়াই–ফাই ও ব্লুটুথ সংযোগে সমস্যা দেখা যাচ্ছে। নতুন এয়ারট্যাগ মডেলের সমর্থন যোগ করতে আনা এই হালনাগাদ প্রত্যাশার বিপরীতে যন্ত্রের স্থিতিশীলতা ও সামগ্রিক কার্যক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে এখন পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সমস্যাগুলো শনাক্ত করে দ্রুত সমাধানে কাজ চলছে কি না, সে সম্পর্কেও প্রতিষ্ঠানটি কিছু জানায়নি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের কমিউনিটি ফোরামে আইওএস ২৬.২.১–সংক্রান্ত অসংখ্য অভিযোগ জমা পড়েছে। সাধারণত সফটওয়্যার হালনাগাদের উদ্দেশ্য থাকে আগের সংস্করণের ত্রুটি দূর করে যন্ত্রকে আরও স্থিতিশীল করা। তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন এই সংস্করণে সমস্যা কমার বদলে বেড়েছে। কমিউনিটি ফোরামে দেওয়া এক পোস্টে এক ব্যবহারকারী জানান, হালনাগাদ ইনস্টল করতে তাঁর আইফোনে প্রায় ৩০ গিগাবাইট ফাঁকা জায়গা তৈরি করতে হয়েছে। প্রয়োজনীয় জায়গা করতে একাধিক অ্যাপ মুছে ফেলার পরও আপডেট শেষ হলে ফোনটি বারবার হ্যাং করছে এবং কোনো সতর্কতা ছাড়াই অ্যাপ ও সিস্টেম ক্র্যাশ হচ্ছে। হালনাগাদের পর থেকে ফোনটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ব্যবহারকারীদের মতে, এসব সমস্যা বিচ্ছিন্ন বা সাময়িক নয়। যেহেতু আইওএস ২৬.২.১ ডেভেলপার বা পরীক্ষামূলক (বেটা) সংস্করণ নয়। এটি সবার জন্য উন্মুক্ত একটি স্থিতিশীল হালনাগাদ হিসেবে প্রকাশ করা হয়েছে, তাই নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রত্যাশা করাই স্বাভাবিক। অ্যাপ ক্র্যাশের পাশাপাশি সংযোগজনিত সমস্যাও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, হালনাগাদের পর তাঁদের আইফোনে ওয়াই–ফাই ও ব্লুটুথ সংযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে বা ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। এতে দৈনন্দিন ব্যবহার ও কাজকর্মে বিঘ্ন ঘটছে।

অনেকের জন্য এই হালনাগাদ এড়িয়ে যাওয়ার সুযোগও ছিল না। অ্যাপল আগের আইওএস সংস্করণগুলোর সমর্থন বন্ধ করে দেওয়ায় নিরাপত্তা ও অ্যাপ ব্যবহারের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যবহারকারীরা বাধ্য হয়েই নতুন সংস্করণে আপডেট করেছেন। ফলে বর্তমানে সমস্যায় ভরা এই সংস্করণেই থাকতে হচ্ছে এবং পরবর্তী আপডেটের অপেক্ষা করা ছাড়া তাত্ক্ষণিক কোনো বিকল্প নেই।

সূত্র: নিউজ১৮ ডটকম