ফুটবলার হামজার হাতে ক্যামন স্লিম ৫জি
ফুটবলার হামজার হাতে ক্যামন স্লিম ৫জি

বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনোর নতুন স্মার্টফোন, দাম কত

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে নিজেদের তৈরি নতুন মডেলের স্মার্টফোন ‘ক্যামন স্লিম ৫জি’ উন্মোচন করেছে টেকনো। পাশাপাশি ‘ক্যামন এয়ার’ নামের আরও একটি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। টেকনোর তথ্যমতে, ক্যামন সিরিজের নতুন সংযোজন ক্যামন স্লিম ৫জি মডেলের ফোন বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববাজারে যাত্রা শুরু করল নতুন এই স্মার্টফোন। ফোনটি কেনার জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত আগাম ফরমাশ দেওয়া যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাতলা গড়নের স্মার্টফোন দুটিতে ছবি তোলার হালনাগাদ প্রযুক্তি, এআইনির্ভর বিভিন্ন সুবিধার পাশাপাশি আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং উপযোগী করে তৈরি করা হয়েছে। ক্যামন স্লিম ৫জি মডেলটির পূরত্ব ৬ দশমিক ৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াটের সুপার চার্জ প্রযুক্তি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা যায় ফোনটি। ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফ্লিকার সেন্সরযুক্ত ফোনটির পেছনে রয়েছে ৫০ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে ফোনটিতে।

হামজার নামখচিত টেকনোর নতুন ফোন

ক্যামন স্লিম ৫জি মডেলের ফোনটিতে দ্রুত ক্যালরি নির্ণয় করার পাশাপাশি এআই হেলথকেয়ার, এআই পুষ্টি বিশেষজ্ঞ, এআই পেট স্ন্যাপ, এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফানটির দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। আগাম ফরমাশ দেওয়া ক্রেতারা পাবেন টেকনোর স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের উদ্বোধনী ম্যাচের টিকিট।

এছাড়াও ক্যামন এয়ার ফোনটি বর্তমানে দেশজুড়ে পাওয়া যাচ্ছে। ৬ দশমিক ৩৯ মিলিমিটার পুরুত্বের থ্রিডি বাঁকানো পর্দার ফোনটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের আলট্রা চার্জার থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা যায়।

ক্যামন এয়ার মডেলের ফোনটির সামনে পেছনে ফ্লিকার সেন্সরযুক্ত ৩২ ও ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। ক্যালরি নির্ণয় করার পাশাপাশি এআই হেলথকেয়ার, এআই পুষ্টি বিশেষজ্ঞ, এআই পেট স্ন্যাপ, এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন এআই সুবিধাও রয়েছে ফোনটিতে। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফলে একই সঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। সংস্করণভেদে ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।