সনির ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের হেডফোন
সনির ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের হেডফোন

সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে

বাংলাদেশের বাজারে ‘ডব্লিউএইচ-সিএইচ৫৩০’ ও ‘ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন’ মডেলের নতুন দুটি তারবিহীন হেডফোন এনেছে জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিক্রয়কেন্দ্রে যৌথভাবে হেডফোন দুটি উন্মোচন করেছে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার। অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড জশোয়া কোয়েক, গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্য দিচ্ছেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড জশোয়া কোয়েক

অনুষ্ঠানে জশোয়া কোয়েক বলেন, ‘বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের হেডফোন উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। সনি সিএইচ ৫৩০ মডেলের হেডফোনটি মূলত এন্ট্রি লেভেলের। হেডফোনটি তরুণদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও সব বয়সের মানুষই এটি ব্যবহার করতে পারবেন। শিক্ষার্থীদের জন্যও এটি বেশ উপযোগী। বিভিন্ন রঙের হেডফোনটি নারী ও পুরুষ উভয় ব্যবহারকারীর কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। পাশাপাশি এর দামও বেশ সাশ্রয়ী।’

অনুষ্ঠানে জানানো হয়, ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলের হেডফোনটি তৈরি করা হয়েছে মূলত দৈনন্দিন ব্যবহারের জন্য। হালকা গড়নের এই অন-ইয়ার হেডফোনের ওজন প্রায় ১৫০ গ্রাম। একবার পূর্ণ চার্জে এটি টানা ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। ফোনকলের সময় সুস্পষ্ট শব্দ নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি। পাশাপাশি ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার মাধ্যমে একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা যায়। ছয়টি রঙে বাজারে আসা হেডফোনটির দাম ধরা হয়েছে ৭ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে, ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের হেডফোনটিতে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে আশপাশের অবাঞ্ছিত শব্দ কমাতে সাহায্য করে। নয়েজ ক্যানসেলেশন চালু থাকা অবস্থায় হেডফোনটি একবার চার্জে সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, দ্রুত চার্জের সুবিধা থাকায় মাত্র তিন মিনিট চার্জ করে এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় হেডফোনটি। পাঁচটি রঙে বাজারে আসা হেডফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব বিক্রয়কেন্দ্রে বিশেষ ছাড়সহ কিস্তিতে কেনা যাবে হেডফোন দুটি। ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাসের কিস্তি সুবিধা পাওয়া যাবে। ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে থাকছে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাসের কিস্তি সুবিধা। উভয় হেডফোনের সঙ্গে রয়েছে ১২ মাসের বিক্রয়োত্তর সেবা।