কয়েক বছর ধরেই প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রয়েছে, ক্যামেরাযুক্ত এয়ারপডস তৈরির জন্য কাজ করছে অ্যাপল। এ বিষয়ে অ্যাপল কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আবারও সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন অ্যাপল–বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান। তাঁর দাবি, ক্যামেরাযুক্ত নতুন একটি এয়ারপডস মডেলের উন্নয়নকাজ দ্রুত এগোচ্ছে। চলতি বছরই ক্যামেরাযুক্ত এয়ারপডসটি উন্মোচন করতে পারে অ্যাপল।
মার্ক গুরম্যান তাঁর পাওয়ার অন নিউজলেটারে জানিয়েছেন, বর্তমানে ক্যামেরাযুক্ত এয়ারপডসের দুটি সংস্করণ নিয়ে অভ্যন্তরীণ পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। মডেল দুটির কোড নাম বি৭৯৮ ও বি৭৯০। এর মধ্যে বি৭৯৮ সম্পর্কে আগে থেকেই বিভিন্ন তথ্য প্রকাশিত হলেও সম্প্রতি বি৭৯০ মডেলের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে।
গুরম্যানের মতে, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণের কোডে ইতিমধ্যে বি৭৯০ মডেলের এয়ারপডসের নাম উল্লেখ করা হয়েছে। তাই চলতি বছরই ক্যামেরাযুক্ত এয়ারপডসটি উন্মোচনের সম্ভাবনা রয়েছে। বছরের আর বেশি সময় বাকি না থাকায় নতুন এয়ারপডসের ঘোষণা শিগগিরই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল যদি আগের সময়সূচি অনুসরণ করে, তাহলে আগামী সেপ্টেম্বর আইফোন ১৮ উন্মোচন অনুষ্ঠানের সঙ্গেই নতুন এয়ারপডসের ঘোষণা আসতে পারে।
ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই এয়ারপডস এয়ারপডস প্রো আল্ট্রা নামে বাজারে আসতে পারে। তবে বি৭৯০ মডেলে কোন ধরনের নতুন সুবিধা যুক্ত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গুরম্যান। আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই এয়ারপডসের ক্যামেরা ছবি বা ভিডিও ধারণের জন্য ব্যবহার করা হবে না। ক্যামেরা আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। ফলে ব্যবহারকারী চারপাশের পরিবেশ সম্পর্কে আরও প্রাসঙ্গিক তথ্য ও সহায়তা পাবেন। অর্থাৎ এটি মূলত পরিধানযোগ্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী হিসেবে কাজ করবে।
মার্ক গুরম্যানের তথ্যমতে, ক্যামেরাযুক্ত নতুন সংস্করণ বাজারে এলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রচলিত এয়ারপডস বিক্রি অব্যাহত রাখবে অ্যাপল। অর্থাৎ শুধু গান, পডকাস্ট বা অন্যান্য অডিও শোনার জন্য বর্তমান এয়ারপডসও বাজারে পাওয়া যাবে।
সূত্র: ম্যাশেবল