হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন করছেন শাওমির কর্মকর্তারা
হোম অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন করছেন শাওমির কর্মকর্তারা

হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি

বাংলাদেশে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে হোম ও লাইফস্টাইলনির্ভর বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি সেগুলো বাজারজাতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, স্মার্টফোন ও এআইওটি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস) প্রযুক্তিনির্ভর পণ্য উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে শাওমি। আর তাই বাংলাদেশের নাগরিকদের আরও স্মার্ট ও কানেক্টেড লাইফস্টাইল পণ্যে আগ্রহী করে তুলতে শাওমির হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। ক্রেতারা এখন আলাদা আলাদা প্রযুক্তি পণ্য ব্যবহারের বদলে এমন প্রযুক্তি চান, যা তাঁদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলবে। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সলিউশন দেওয়ার মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।’

মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার

শাওমির বাজারে আনা হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার। ১০ দশমিক ৫ কেজি ওজনের এই ওয়াশার ড্রায়ারের দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা। ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকাতে পারে ওয়াশার ড্রায়ারটি। ওয়াশার ড্রায়ারের পাশাপাশি বাজারে আনা হয়েছে শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের টেলিভিশন। কিউডি-মিনি এলইডি প্রযুক্তিনির্ভর টেলিভিশনগুলোর পর্দার ঔজ্জ্বল্য ১ হাজার ২০০ নিটস ও রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সিস্টেমযুক্ত ৯৮ ইঞ্চি পর্দার টেলিভিশনের দাম ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চির দাম ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চির দাম ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা। শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজের পাশাপাশি শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬ নামে আরও একটি সিরিজের টেলিভিশন বাজারে এনেছে শাওমি। ইউএইচডি পর্দার শাওমি টিভি এ প্রো সিরিজে ৭৫ ইঞ্চি পর্দার টেলিভিশনের দাম ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চির দাম ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চির দাম ৫২ হাজার ৯৯৯ টাকা।

শাওমি টিভি এস মিনি এলইডি টেলিভিশন

অনুষ্ঠানে এয়ার ফ্রায়ার ৬.৫ ও ৬ লিটার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং শাওমি স্মার্ট ট্যাগ নামের একাধিক লাইফস্টাইল পণ্যও বাজারজাতের ঘোষণা দিয়েছে শাওমি। শাওমির নির্ধারিত স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম পিকাবুর মাধ্যমে পণ্যগুলো কেনা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।