ভ্রমণের সময় ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন অনেকেই। আশপাশে বিদ্যুতের সংযোগ বা চার্জের সুযোগ না থাকলে বিব্রতকর অবস্থার মুখোমুখিও হতে হয়। সমস্যার সমাধান দেবে রিভল্টের তৈরি সৌর প্যানেলযুক্ত পাওয়ার ব্যাংকটি।
রিভল্ট পিবি-২০০কে মডেলের এ পাওয়ার ব্যাংকের এক পাশে শক্তিশালী সৌর প্যানেল রয়েছে। ফলে সূর্যের আলোতে রেখে দিলেই দ্রুত চার্জ হয়ে যায় ব্যাটারি। শুধু তা–ই নয়, পাওয়ার ব্যাংকে যুক্ত থাকা হাতল ঘুরিয়েও ব্যাটারি চার্জ করা যাবে।
৭৪১ গ্রাম ওজনের এ পাওয়ার ব্যাংকে ৩০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় একসঙ্গে পাঁচটি ফোন বা ট্যাবলেট কম্পিউটার চার্জ করা যায়। ইউরোপের বাজারে উন্মুক্ত হওয়া এ পাওয়ার ব্যাংকের দাম ৯৫ ডলার।
সূত্র: গিজমো চায়না