
ঈদের বাকি মাত্র কয়েক দিন। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা ঈদের বাজারে পছন্দের পোশাক কিনতে ঢুঁ মারছেন অনেকে। ঈদ উপলক্ষে স্মার্টফোন কেনার পরিকল্পনাও করছেন কেউ কেউ। ঈদের বাজারে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের ফোন পাওয়া যাচ্ছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং মলের বিভিন্ন খুচরা দোকান থেকে সংগ্রহ করা তথ্যের মাধ্যমে ৪০ হাজার টাকার কমে বিভিন্ন মডেলের ফোনের কারিগরি তথ্য জেনে নেওয়া যাক।
১. ইনফিনিক্স নোট এজ ৫জি
ইনফিনিক্সের তৈরি ৫জি প্রযুক্তির ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর রয়েছে। ৬.৭৮ ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড পর্দার ফোনটিতে বাড়তি নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা। ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট। দাম যথাক্রমে ৩০ হাজার ৯৯৯ টাকা ও ৩৪ হাজার ৯৯৯ টাকা।
২. রিয়েলমি ১৪টি ৫জি
ডাইমেনসিটি ৬৩০০, ৫জি প্রসেসরে চলা ফোনটিতে ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১২০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড পর্দা থাকায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায় ফোনটিতে। আইপি৬৯ রেটিংযুক্ত ফোনটি ধুলাবালু ও পানিতে নষ্ট হয় না। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ৩১ হাজার ৯৯৯ টাকা।
৩. ভিভো ভি৬০ লাইট ৪জি
এই ফোনে ১২০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড পর্দা থাকায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। আইপি৬৫ রেটিং এবং পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও রয়েছে ফোনটিতে। ৯০ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় খুব কম সময়ের মধ্যেই ফোনটির ব্যাটারি পুরোপুরি চার্জ করা যায়। ফোনটির দাম ৩২ হাজার ৪৫০ টাকা।
৪. টেকনো ক্যামন ৫০
৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের শক্তিশালী হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। ১২০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দার ফোনটির পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৪৫ ওয়াটের সুপার চার্জিং সমর্থিত ফোনটিতে টাইপ-সি পোর্ট ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির দাম ৩৩ হাজার ৪৯৯ টাকা।
৫. অনার ৪০০ লাইট
১২০ হার্ডজ রিফ্রেশ রেট ও ৩ হাজার ৫০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা রয়েছে ফোনটিতে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসরে চলা ফোনটির পেছনে ১০৮ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা রয়েছে। ফোনটির দাম ৩৪ হাজার ২০০ টাকা।
৬. শাওমি রেডমি নোট ১৫ ৫জি
৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ৫জি প্রযুক্তির ফোনটিতে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা রয়েছে, যা ১২০ হার্ডজ রিফ্রেশ রেট সমর্থন করে। স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসরে চলা ফোনটির পেছনে ১০৮ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৫ ও আইপি৬৬ রেটিংযুক্ত ফোনটি পানি ও ধুলা প্রতিরোধক। ৫ হাজার ৫২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ফোনটির দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।
৭. অপো এ৬এস প্রো
মিডিয়াটেক হেলিও জি১০০ ম্যাক্স প্রসেসরে চলা ফোনটিতে সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। পেছনে রয়েছে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা বা ভিডিও ধারণ করা যায়। ১২০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা থাকায় উন্নত রেজোল্যুশনের ছবিও দেখা যায় ফোনটিতে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। পানিরোধক ফোনটির দাম ৩৭ হাজার ১৯৯ টাকা।
৮.স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি
৫জি প্রযুক্তির ফোনটিতে ১২০ হার্ডজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পর্দা রয়েছে। ৫ ন্যানোমিটারের এক্সিনোস ১২৮০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পানি ও ধুলা প্রতিরোধক ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর–সুবিধার ফোনটির দাম ৩৮ হাজার ৪৫০ টাকা।