অ্যাপলের পণ্য কেনা যাবে কিস্তিতে
অ্যাপলের পণ্য কেনা যাবে কিস্তিতে

যন্ত্র কেনা সহজ করতে ‘অ্যাপল আপগ্রেড’ সেবা চালু

যন্ত্রের বিক্রি বাড়াতে যুক্তরাষ্ট্রে নতুন লিজিংভিত্তিক সেবা ‘অ্যাপল আপগ্রেড’ চালু করতে যাচ্ছে অ্যাপল। ২৮ জুলাই থেকে সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এ সেবার আওতায় গ্রাহকেরা মাসিক কিস্তিতে আইফোন, ম্যাক, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের অধিকাংশ মডেল কিনতে পারবেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাইলে বাকি অর্থ পরিশোধ করা যাবে। আবার নির্ধারিত সময়ের আগেই নতুন মডেলে পরিবর্তনের সুযোগও থাকবে। লিজের মেয়াদ শেষে গ্রাহক চাইলে ব্যবহৃত যন্ত্রটি নিজের কাছেই রাখতে পারবেন। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে বিশ্বজুড়ে ডেটা সেন্টার নির্মাণ বেড়েছে। এতে মেমোরি ও স্টোরেজ চিপের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এ কারণে আইফোন ছাড়া আইপ্যাড, ম্যাকবুকসহ কয়েকটি পণ্যের দাম বাড়িয়েছে অ্যাপল। নতুন এ কর্মসূচির মাধ্যমে তুলনামূলক কম মাসিক কিস্তিতে গ্রাহকদের কাছে নতুন ডিভাইস পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, কর্মসূচিটির আর্থিক অংশীদার হিসেবে থাকবে সুইডেনভিত্তিক আর্থিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ক্লারনা গ্রুপ। অ্যাপলের নিজস্ব রিটেইল স্টোর ও অনলাইন স্টোর উভয় মাধ্যমেই সেবাটি পাওয়া যাবে। বিদ্যমান অর্থায়ন কর্মসূচিগুলোর তুলনায় কম মাসিক কিস্তির সুবিধা দিয়ে এটি বাজারজাত করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

নতুন সেবা চালুর পর বর্তমানে চালু থাকা আইফোন আপগ্রেড প্রোগ্রাম এবং সাধারণ কিস্তিভিত্তিক অর্থায়ন কর্মসূচিতে নতুন গ্রাহক নিবন্ধন বন্ধ করবে অ্যাপল। এর মাধ্যমে ‘অ্যাপল আপগ্রেড’ কেই ডিভাইস কেনার প্রধান অর্থায়ন কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠানটি।

তবে বর্তমান আইফোন আপগ্রেড প্রোগ্রামের বিপরীতে নতুন এ সেবায় অ্যাপল কেয়ার সুবিধা থাকবে না। এ ছাড়া অ্যাপল ওয়াচ এসই, এন্ট্রি লেভেলের আইপ্যাড, আইফোন ১৬ এবং ম্যাকবুক নিও মডেল এ কর্মসূচির আওতায় রাখা হচ্ছে না। ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটাও এ সুবিধার বাইরে থাকবে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের পরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল ও ক্লারনা গ্রুপ।

সূত্র: রয়টার্স