
বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য নিজেদের তৈরি হালনাগাদ স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য হাতে–কলমে পরখ করার সুযোগ দিতে আজ বুধবার থেকে আর্টিয়াম এবং বসুন্ধরা সিটি শপিং মলে ‘পপ-আপ এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে হুয়াওয়ে। শুক্রবার পর্যন্ত চলা তিন দিনের এ আয়োজনে দর্শনার্থীরা হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোনসহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, স্মার্ট ঘড়ি ও হেডফোন পরখ করতে পারবেন। প্রদর্শনী প্রাঙ্গণে গেম খেলার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কারও পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুয়াওয়ের এই পপ-আপ জোনে ব্র্যান্ডটির সবচেয়ে উদ্ভাবনী প্রযুক্তি পণ্যগুলো প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে উন্নত ইমেজিং প্রযুক্তি ও এআই ফিচারের ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ে মেট ৮০ প্রো পাওয়া যাচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকায়। উন্নত ডিসপ্লে ও মাল্টিটাস্কিং সুবিধার ভাঁজযোগ ফোন হুয়াওয়ে মেট এক্স৭ পাওয়া যাচ্ছে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকায়। ৪৯ হাজার ৯৯৯ টাকায় হুয়াওয়ে মেটপ্যাড ১১.৫ ট্যাবলেট কম্পিউটার কিনলে হুয়াওয়ের ওয়্যারলেস কিবোর্ড এবং ডব্লিউপিএস অফিস প্রিমিয়াম লাইসেন্স উপহার পাওয়া যাবে।
উন্নত ফিটনেস ট্র্যাকিং সুবিধার হুয়াওয়ে ওয়াচ ফিট ৫ ও হুয়াওয়ে ওয়াচ ফিট ৫ প্রো স্মার্টফোনও পরখ করা যাচ্ছে পপ-আপ এক্সপেরিয়েন্স জোনে। স্মার্টঘড়ি দুটির দাম যথাক্রমে ১৯ হাজার ৯৯৯ টাকা ও ২৯ হাজার ৯৯৯ টাকা। আর হুয়াওয়ে ফ্রি-ক্লিপ ২ ইয়ারবার্ড পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৪৯৯ টাকায়।
হুয়াওয়ে জানিয়েছে, খুব শিগগির বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ফ্লোরে স্থায়ীভাবে ‘হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করা হবে। সেন্টারটিতে হুয়াওয়ের সব ধরনের প্রযুক্তিপণ্য পরখ করার পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং বিশেষ অফার ও ছাড় সুবিধা পাওয়া যাবে।