বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম (ডানে) ও মহাসচিব নাহিদ হোসেন
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম (ডানে) ও মহাসচিব নাহিদ হোসেন

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন উইন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আলিম ও ব্রোটেকস টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও নাহিদ হোসেন। গতকাল শনিবার রাজধানীর শাহীনবাগের হোটেল এম্পিরিয়ানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সোহায়েল রেজা (এডিএন ডিজিনেট লিমিটেড), সহসভাপতি আবদুল কাদের (উইজডম ভ্যালি লিমিটেড), যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড) ও অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান (রিকম কনসালটিং লিমিটেড)।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ইউসুফ (ভাইজার এক্স লিমিটেড), আশিকুর রহমান (ইগনাইট টেক সলিউশনস), এস এম মসিউর রহমান (টিকন সিষ্টেম লিমিটেড), ফয়সাল সালাম (ফ্রাইডেসফট লিমিটেড), মোহাম্মদ সাইফুল ইসলাম (ইনভিক্টা সলিউশনস লিমিটেড) ও মো. একরামুল হায়দার (আলফা নেট)।

বাক্কোর নবনির্বাচিত সভাপতি  ফয়সল আলিম প্রথম আলোকে বলেন, ‘দেশের বিপিও, আইটি ও আইটিইএস খাত আজ বিশ্বদরবারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় একটি খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের নতুন কার্যনির্বাহী কমিটি সদস্যপ্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তথ্যপ্রযুক্তি খাতের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সবার সহযোগিতা আশা করছি।’

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, ‘নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে বাক্কোর সম্মানিত সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

বাক্কোর নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান পর্যবেক্ষক ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য সংগঠন-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সহযোগী পর্যবেক্ষক হিসেবে একই শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঘোষিত প্রাথমিক ফলাফলের বিষয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করা যাবে। নির্বাচনী আপিল বোর্ড তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আপিল–সংক্রান্ত কার্যক্রম শেষে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।