অদ্ভুত সব গবেষণা ও আবিষ্কারের জন্য প্রতিবছর সত্যিকারের নোবেল পুরস্কার প্রদানের আগে ‘ইগ নোবেল’ (আইজি নোবেল) পুরস্কার দেওয়া হয়। ব্যঙ্গাত্মক বৈজ্ঞানিক গবেষণার জন্য আলোচিত বিখ্যাত এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে সরিয়ে নেওয়া হচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বিদেশি অতিথিদের ভিসা পাওয়া নিয়ে ক্রমবর্ধমান জটিলতা ও অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিজিটাল ম্যাগাজিন অ্যানালস অব ইম্প্রোবেবল রিসার্চ আয়োজিত ৩৬তম বার্ষিক এই অনুষ্ঠান এবার যুক্তরাষ্ট্রের পরিবর্তে সুইজারল্যান্ডের জুরিখ শহরে আয়োজন করা হবে। সাধারণত প্রতিবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাঁকজমকপূর্ণভাবে এই পুরস্কার প্রদান করা হয়। ম্যাগাজিনটির সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মার্ক আব্রাহামস বলেন, ‘গত এক বছরে আমাদের অতিথিদের জন্য যুক্তরাষ্ট্র সফর করা অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের নতুন বিজয়ী কিংবা আন্তর্জাতিক সাংবাদিকদের এই বছর যুক্তরাষ্ট্রে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে নিজেদের বিবেককে প্রশ্নবিদ্ধ করতে পারি না।’
৩৫ বছর ধরে বিজয়ীরা তাঁদের পুরস্কার গ্রহণ করতে ও প্রথা অনুযায়ী দর্শকদের ছোড়া কাগজের বিমানের বৃষ্টিতে ভিজতে যুক্তরাষ্ট্রে আসতেন। তবে গত বছর ১০ বিজয়ীর মধ্যে চারজনই ম্যাসাচুসেটসের বোস্টনে মূল অনুষ্ঠানে যোগ দিতে আসেননি।
আব্রাহামস জানিয়েছেন, এ বছরের অনুষ্ঠান জুরিখ বিশ্ববিদ্যালয় ও সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির সহযোগিতায় আয়োজন করা হবে। এখন থেকে প্রতি দুই বছর অন্তর জুরিখে এই অনুষ্ঠান হবে। মাঝখানের বছরগুলোয় ইউরোপের অন্যান্য শহরে এই আসর বসবে।
সূত্র: দ্য গার্ডিয়ান