হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে গ্রুপ অডিও ও ভিডিও কল সুবিধা

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও কলের সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই সরাসরি গ্রুপ কলে অংশ নিতে পারবেন। বর্তমানে সীমিতসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ওয়েব সংস্করণে গ্রুপ অডিও ও ভিডিও—উভয় ধরনের কলে সর্বোচ্চ ৩২ জন অংশ নিতে পারবেন। বর্তমানে মোবাইল ও ডেস্কটপ সংস্করণেও একই সীমা রয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফোর তথ্য অনুযায়ী, সুবিধাটি চালু হলে গ্রুপ চ্যাটের ওপরে কল বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কল শুরু হবে। চাইলে পুরো গ্রুপের পরিবর্তে নির্দিষ্ট সদস্যদের কলে যুক্ত করা যাবে। নিরাপত্তার জন্য গ্রুপ কলগুলো সিগন্যাল প্রোটোকল–ভিত্তিক এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির সুরক্ষায় থাকবে। ফলে ফোনকলে অংশ নেওয়া ব্যক্তিরা ছাড়া অন্য কেউ কথোপকথনের তথ্য জানতে পারবেন না। এমনকি হোয়াটসঅ্যাপ বা এর মূল প্রতিষ্ঠান মেটার পক্ষেও এসব কলের তথ্য দেখা সম্ভব হবে না।

নতুন সুবিধার অংশ হিসেবে কল লিংক তৈরির সুযোগও থাকছে। ব্যবহারকারীরা আমন্ত্রণ লিংক তৈরি করে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। প্রতিটি লিংকের জন্য আলাদা ওয়েব ঠিকানা থাকবে এবং ৩০ দিন ব্যবহার না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পাশাপাশি কলে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে রাখতে ‘ওয়েটিং রুম’ সুবিধাও ব্যবহার করা যাবে। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার করার সুবিধাও পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজার থেকেই ফাইল, প্রেজেন্টেশন বা অন্য যেকোনো তথ্য অন্যদের সামনে প্রদর্শন করতে পারবেন। তবে এ সুবিধা শুধু ভিডিও কলেই ব্যবহার করা যাবে, অডিও কলে নয়।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ওয়েবে শুধু একজনের সঙ্গে অডিও ও ভিডিও কল করা যায়। ফলে নতুন সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েবে নিয়মিত অডিও ও ভিডিও কল করা ব্যক্তিরা উপকৃত হবেন। বিশেষ করে লিনাক্স ব্যবহারকারীরা এতে বেশি সুবিধা পাবেন। কারণ, এ অপারেটিং সিস্টেমের জন্য হোয়াটসঅ্যাপের কোনো স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ নেই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস