অ্যাপল
অ্যাপল

শিশু সুরক্ষা আইন মানতে বয়স যাচাই করার টুল আনছে অ্যাপল

বিভিন্ন দেশে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অ্যাপে প্রবেশ ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিষয়টি মাথায় রেখে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করেই বয়স সম্পর্কে ধারণা দিতে সক্ষম একাধিক নতুন টুল তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের অংশ হিসেবে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ১৮ বছরের কম বয়সী আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের উপযোগী অ্যাপ ডাউনলোডের সময় বাধা দেবে অ্যাপল। ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব অ্যাপ ডাউনলোড করা যাবে না। অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট কিছু ডিজিটাল কনটেন্টে প্রবেশ সীমিত করার লক্ষ্যে প্রণীত নতুন ও বিদ্যমান আইন মেনে চলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টুলগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীদের আনুমানিক বয়স অ্যাপ নির্মাতাদের জানানো হবে। এর ফলে স্থানীয় বিধিনিষেধ মেনে অ্যাপ ডাউনলোডের অনুমতি দিতে পারবে নির্মাতারা। বয়স যাচাই করার টুলগুলো মূলত অ্যাপলের ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ নির্ভর। ফলে টুলগুলোর মাধ্যমে অ্যাপ নির্মাতারা জানতে পারবেন ব্যবহারকারী শিশু, কিশোর নাকি প্রাপ্তবয়স্ক। তবে সুনির্দিষ্ট জন্মতারিখের মতো বিস্তারিত তথ্য তাদের জানানো হবে না। অ্যাপলের দাবি, এতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা ও আইনি বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হবে।

অ্যাপলের বয়স যাচাই প্রক্রিয়া সরাসরি অ্যাপ স্টোরের মাধ্যমে পরিচালিত হবে। তবে অ্যাপল জানিয়েছে, বয়স যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া তারা পরিচালনা করলেও স্থানীয় আইন অনুযায়ী অ্যাপ নির্মাতাদের নিজ নিজ অতিরিক্ত বাধ্যবাধকতা পূরণ করতে হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস