
শিশুদের শান্ত রাখতে অনেক অভিভাবকই নিজেদের মুঠোফোনে কার্টুন বা ভিডিও গেম চালু করে দেন। এতে সাময়িক উপকার হলেও পড়ালেখার বদলে কার্টুন বা গেম খেলায় অভ্যস্ত হয়ে পড়ে শিশুরা। ফলে যখন-তখন শিশুরা মুঠোফোনে কার্টুন দেখার আবদার করে, না দিলেই সমস্যা। এর সমাধান দিতে পারে এমকিডো নামের অ্যাপ। শিশুদের খেলার ছলে পড়ালেখার পাশাপাশি গল্প শোনানোর অ্যাপটি তৈরি করেছে দেশি প্রতিষ্ঠান মোম্যাজিক।
তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য তৈরি অ্যাপটিতে কার্টুন বা ভিডিও গেমের আদলে সহজ ভাষায় শিশুদের পড়ালেখা শেখানো যায়। কোনো কিছু পারলে বা সঠিক হলে বিভিন্ন প্রশংসা বার্তাও শোনায় অ্যাপটি। ফলে শিশুরা খেলার ছলে বর্ণপরিচয় শেখার পাশাপাশি সেগুলো লিখতেও পারে। অ্যাপটিতে কোনো নেতিবাচক শব্দ উচ্চারণ করা হয় না। এ জন্য শিশুরা ভুল করলেও আবার চেষ্টা করতে উৎসাহ পায়। বিজ্ঞাপন না থাকায় অনলাইনে ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয় না শিশুরা। অ্যাপটির বিভিন্ন ভিডিও নামানোর পর ইন্টারনেট সংযোগ ছাড়াই সেগুলো দেখা যায়।
বিদেশি প্রেক্ষাপটে তৈরি কার্টুন বা ভিডিও গেম খেলে অনেক শিশুই ভিনদেশি সংস্কৃতি শেখে। বিষয়টি মাথায় রেখে দেশের শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে সব কনটেন্ট। তাই সহজেই ইংরেজির পাশাপাশি বাংলা বর্ণমালা শেখা যায়। শিশুদের মনোযোগ, স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও উদ্ভাবনী শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন কনটেন্ট রয়েছে অ্যাপটিতে। কার্টুন বইয়ে থাকা স্থির ছবিকে ভিডিও আকারে দেখাও যায়। ফলে খেলার পাশাপাশি বিনোদনও পাওয়া যায়।
মোম্যাজিকের প্রধান পরিচালন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘গত মার্চ মাসে চালু হয়েছে এমকিডো। এটি শিশুদের স্মার্টফোনের মাধ্যমে পড়ালেখা শেখানোর পাশাপাশি বুদ্ধি বিকাশে সহায়তা করছে। অ্যাপটির ৭০ শতাংশ কনটেন্ট দেশে তৈরি করা হয়েছে। এরই মধ্যে গুগল প্লেস্টোর এবং আমাদের ওয়েবসাইট থেকে ৭০ হাজারের বেশি বার অ্যাপটি নামানো হয়েছে। অ্যাপটি পরখ করার জন্য আমরা প্রথম সাত দিন বিনা মূল্যে অ্যাপটি ব্যবহারের সুযোগ দিয়ে থাকি। এরপর অ্যাপটি ব্যবহারের জন্য প্রতি মাসে ৯৯ টাকা খরচ করতে হবে।