
গুগল সার্চে অনলাইন থেকে প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির জটিল সমস্যার সমাধান পাওয়া যায়, যা অনেকেরই অজানা। গুগল সার্চের মাধ্যমে সহজেই গণিত, পদার্থবিজ্ঞান এবং জ্যামিতির জটিল সমস্যার সমাধান করা সম্ভব। ২০২৩ সাল থেকে এই সুবিধা চালু রয়েছে।
গুগলের তথ্যমতে, অনেক সময় শিক্ষার্থীরা গণিত সমাধান করতে গিয়ে পরবর্তী ধাপ নিয়ে বিভ্রান্তিতে পড়ে। ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের মতো বিষয়ে সাহায্য পেতে তারা গুগল সার্চ অপশন ব্যবহার করতে পারেন। সার্চ বারে সরাসরি সমীকরণ লিখে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে ধাপে ধাপে সমস্যার সমাধান দেখা যায়। ডেস্কটপ বা মোবাইলে ম্যাথ সলভার লিখে এই সুবিধা নেওয়া সম্ভব। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নতির ফলে উচ্চবিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিভিন্ন লিখিত সমস্যার সমাধান পাওয়া যায়। এই ব্যবস্থা জানা ও অজানা মানগুলো আলাদা করে চিনতে সাহায্য করছে। কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করতে হবে, তা–ও জানিয়ে দিচ্ছে গুগল সার্চ।
এ ছাড়া জ্যামিতির চিত্রভিত্তিক সমস্যা কেবল শব্দ দিয়ে লিখে প্রকাশ করা কঠিন। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ছবির পাশাপাশি পরিমাপের তথ্য দেওয়া থাকলে কেবল লিখে সার্চ করা যায় না। গুগল লেন্স ব্যবহার করে ত্রিভুজের ছবি এবং লিখিত তথ্যের সমাধান একবারে পাওয়া যায়। এটি ধাপে ধাপে পুরো সমাধানের উপায় তৈরি করে দেয়।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ধারণা তৈরিতে সহায়তা করে থাকে গুগল সার্চের ইন্টারঅ্যাকটিভ থ্রিডি মডেল। এর ফলে সহজেই কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজ বা ক্রিস্টি দেখতে কেমন, তা সরাসরি দেখা যায়। গুগলের প্রোডাক্ট লিড রব ওংয়ে জানিয়েছেন, আপনি গণিত বই নিয়ে বসুন বা জটিল পদার্থবিজ্ঞানের বিষয়ে বিস্তারিত জানতে সার্চ করুন, কখনো কখনো আপনি যা খুঁজছেন, তা হুবহু প্রকাশ করা কঠিন হতে পারে। সার্চ এবং লেন্সের নতুন ফিচারের মাধ্যমে আপনি স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) সম্পর্কিত বিষয়গুলো ভিজ্যুয়ালাইজ করতে পারবেন। কোনো সমীকরণটি ব্যবহার করতে হবে, তা আরও প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে খুঁজে নিতে পারবেন।
সূত্র: গুগল ব্লগ