শামীম হুসাইনের বই ‘পেশাজীবীদের জন্য এআই’
শামীম হুসাইনের বই ‘পেশাজীবীদের জন্য এআই’

প্রকাশনা

পেশাজীবীদের কাজ সহজ করতে এআই নিয়ে বই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পেশাগত কাজ আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিভিন্ন কৌশল নিয়ে প্রকাশিত হয়েছে ‘পেশাজীবীদের জন্য এআই’। বইটি লিখেছেন উপাত্ত-নির্ভর ডিজিটাল বিপণনকারী, প্রশিক্ষক, পরামর্শক ও উদ্যোক্তা শামীম হুসাইন। বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন।

প্রতিবেদন, ই-মেইল, উপস্থাপনা, গবেষণা ও বিষয়বস্তু তৈরির মতো নিয়মিত কাজ করতে গিয়ে অনেক সময় পেশাজীবীদের দীর্ঘ সময় ব্যয় হয়। এসব কাজ এআইয়ের সহায়তায় কীভাবে দ্রুত ও কার্যকরভাবে করা যায়, তা নিয়ে ব্যবহারিক নির্দেশনা রয়েছে বইটিতে। চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষক, মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার), বিপণনকারী, ব্যাংকার, চিকিৎসক, আইনজীবী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বইটির বিষয়বস্তু সাজানো হয়েছে।

বইটিতে চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার বাস্তব কাজে ব্যবহারের কৌশল, প্রয়োজনীয় প্রম্পট ও উদাহরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া রয়েছে পেশাভিত্তিক ব্যবহারিক নির্দেশনা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয়করণ এবং ৪০০-এর বেশি প্রস্তুত প্রম্পট। লেখকের ভাষ্য অনুযায়ী, বইটি শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার জন্য নয়, বরং তা দিয়ে বাস্তব কাজ করার জন্য তৈরি করা হয়েছে।

বইটির লেখক শামীম হুসাইন ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে তিনি একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠানে প্রায় ১১ বছর সফটওয়্যার উন্নয়ন প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। পরে করপোরেট চাকরি ছেড়ে স্কিলআপার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে তরুণদের ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইংরেজি যোগাযোগ ও মুক্ত পেশায় দক্ষ করে বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছেন তিনি।

গুগল বিজ্ঞাপন, মেটা বিজ্ঞাপন, ডিজিটাল বিশ্লেষণ, সিআরও, নিউরোমার্কেটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত বিপণন স্বয়ংক্রিয়করণ নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে শামীম হুসাইনের। এক দশকের বেশি সময় ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল প্রবৃদ্ধিতে কাজ করার পাশাপাশি পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন তিনি, স্কিলআপারের মাধ্যমে।

‘পেশাজীবীদের জন্য এআই’ বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৪৮। কাজী যুবাইর মাহমুদের প্রচ্ছদে বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। বইটি দেশের প্রধান বইয়ের দোকানগুলো এবং রকমারি, প্রথমা ডটকম, ওয়াফিলাইফসহ অনলাইন বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।