গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। নতুন এ সুবিধা চালুর ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা বিদেশ ভ্রমণের সময়ও ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি স্বচ্ছন্দে ভিডিও কল করতে পারবেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইভজি-উপযোগী স্মার্টফোন এবং গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা বাড়তি খরচ ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকেজের আওতায় বিদেশে দ্রুতগতির ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন। বর্তমানে এই সেবাটি থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে চালু রয়েছে এবং ধাপে ধাপে তা অন্যান্য দেশে সম্প্রসারণ করা হবে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘ফাইভজি রোমিং সেবা চালুর পদক্ষেপটি গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে এখন আরও বেশি মানুষ বিদেশভ্রমণ করছেন। বিশ্বজুড়ে সেরা মানের নেটওয়ার্কের গতি, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে সংযুক্ত থাকতে সহায়তা করবে এই সেবা।’
ফাইভজি রোমিং সেবা বিদেশে দ্রুত গতিতে নিরবচ্ছিন্নভাবে মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করে থাকে। আর তাই বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা চালুর মাধ্যমে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল গ্রামীণফোন।