পূর্ব তিমুরে আগেও কাজ করেছে ড্রিম৭১। গত ফেব্রুয়ারিতে তোলা ছবি
পূর্ব তিমুরে আগেও কাজ করেছে ড্রিম৭১। গত ফেব্রুয়ারিতে তোলা ছবি

পূর্ব তিমুরে ইউএনডিপির ডিজিটাল সিস্টেম তৈরি করবে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম৭১

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)–এর অধীনে পূর্ব তিমুরের পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এসপিআইএমআইএস) তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে পূর্ব তিমুরের জাতীয় উন্নয়ন পরিকল্পনা, সরকারি বিনিয়োগ, বাজেট, উন্নয়ন কার্যক্রম এবং আন্তর্জাতিক অঙ্গীকারের অগ্রগতি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্পের আওতায় একটি আধুনিক ওয়েবভিত্তিক তথ্যব্যবস্থা তৈরি করা হবে, যা পূর্ব তিমুরের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা ২০১১–২০৩০ এবং মধ্যমেয়াদি পরিকল্পনা ২০২৬–২০৩০ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আসিয়ান–সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারগুলোর অগ্রগতিও এই প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।
সফটওয়্যারটির মাধ্যমে  সরকারি বিভিন্ন সংস্থা থেকে তথ্য সংগ্রহ, যাচাই, অনুমোদন, সংরক্ষণ ও বিশ্লেষণের পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ডের সুবিধা থাকবে।

সরকারি বিনিয়োগ প্রকল্প, প্রকল্পের বাজেট ও ব্যয়, উন্নয়ন সূচকের অগ্রগতি এবং বিভিন্ন কর্মসূচির ফলাফলও এই সিস্টেমের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।
সফটওয়্যারটিতে কৌশলগত উন্নয়ন পরিকল্পনা, সরকারি কর্মসূচি, খাতভিত্তিক কৌশলগত উন্নয়ন পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সমন্বিত ড্যাশবোর্ডসহ বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করা হবে। এসব ড্যাশবোর্ডের মাধ্যমে উন্নয়ন লক্ষ্যমাত্রা, বর্তমান অগ্রগতি, সূচক, বাজেট এবং বাস্তবায়নের চিত্র সহজে বিশ্লেষণ করা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী  ছয় মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, ‘পূর্ব তিমুরের জাতীয় পর্যায়ের কৌশলগত পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল সিস্টেম তৈরির দায়িত্ব পাওয়া ড্রিম৭১ বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি শুধু একটি সফটওয়্যার তৈরির প্রকল্প নয়; বরং একটি দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরও তথ্যভিত্তিক, স্বচ্ছ ও কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্পে নিজেদের সক্ষমতা তুলে ধরছে। ড্রিম৭১ এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে। পূর্ব তিমুরে এর আগেও আমরা ইউএনডিপির সঙ্গে তিন সফটওয়্যার তৈরির কাজ করেছি এবং ইউএনডিপির সঙ্গে আমাদের ১৮টি কাজের অভিজ্ঞতা আছে।’