হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে নতুন সুবিধা

সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট–সুবিধা ব্যবহার করে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনেকে। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে পুরোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন না তারা। এ সমস্যা সমাধানে গ্রুপ চ্যাটে ‘গ্রুপ মেসেজ হিস্টোরি’ অপশন চালু করছে হোয়াটসঅ্যাপ।

এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ মেসেজ হিস্ট্রি সুবিধা কাজে লাগিয়ে নতুন সদস্যরা গ্রপে আলোচনা করা গুরুত্বপূর্ণ বার্তাগুলো পড়তে পারবেন। এসব বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি সমর্থন করায় গ্রুপের সদস্য ছাড়া অন্য কেউ জানতে পারবেন না। ধীরে ধীরে গ্রুপ মেসেজ হিস্ট্রি সুবিধা চালু করা হচ্ছে।

গ্রুপ মেসেজ হিস্ট্রি সুবিধা

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, গ্রুপে পোস্ট করা সর্বশেষ ২৫ থেকে ১০০টি বার্তা গ্রুপ মেসেজ হিস্ট্রিতে দেখা যাবে। ফলে গ্রুপে যুক্ত হওয়া নতুন সদস্যরা সাম্প্রতিক সময়ে গ্রুপে আলোচিত তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের মতামত জানাতে পারবেন। তবে চাইলেও গ্রুপে আলোচনা করা সব পুরোনো বার্তা দেখতে পারবেন না নতুন সদস্যরা।

প্রসঙ্গত, বর্তমানে হোয়াটসঅ্যাপে আদান–প্রদান করা গুরুত্বপূর্ণ বার্তা ২৪ ঘণ্টা, ৭ ও ৩০ দিন পর্যন্ত পিন করে রাখা যায়। তবে গ্রুপ চ্যাটে প্রশাসকের অনুমতি ছাড়া অন্য সদস্যরা চাইলেও বার্তা পিন করতে পারেন না।
সূত্র: টেকরাডার