আন্তর্জাতিক মহাকাশ স্টেশন
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

প্রযুক্তির এই দিনে: ১৪ আগস্ট

ডব্লিউ৩২.গ্যামিমা.এজি নামের কম্পিউটার ওয়ার্ম নিজেই নিজেকে মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) কম্পিউটারে ছড়িয়ে দেয়। এটি হলো মহাকাশে পরিভ্রমণ করা প্রথম কম্পিউটার ভাইরাস।

১৪ আগস্ট ১৮৮৮
টেলিভিশনের উদ্ভাবক জন বেয়ার্ডের জন্ম
বিশ্বের প্রথম যান্ত্রিক (মেকানিক্যাল) টেলিভিশনের উদ্ভাবক স্কটিশ প্রকৌশল জন লজি বেয়ার্ড স্কটল্যান্ডের ডানবার্টনশায়ারে জন্মগ্রহণ করেন। টেলিভিশনের এই উদ্ভাবক জনসম্মুখে প্রথম ইলেকট্রনিক রঙিন টেলিভিশন–ব্যবস্থাও দেখান। তিনি প্রথম পুরোপুরি ইলেকট্রনিক রঙিন টেলিভিশনের পিকচার টিউবের নকশা করেন।

১৯২৫ সালের ২৫ মার্চ লন্ডনের সেলফ্রিজ থেকে প্রথম টেলিভিশন ব্যবস্থা প্রদর্শন করেন জন বেয়ার্ড

২০০৬ সালে ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ডের ‘স্কটিশ সায়েন্স হল অব ফেম’–এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০ বিজ্ঞানীর একজন হিসেবে বেয়ার্ডের নাম যুক্ত করা হয়। ২০০২ সালে বিবিসির তৈরি সর্বকালের শ্রেষ্ঠ ১০০ ব্রিটনের তালিকায় বেয়ার্ডের নাম আসে ৪৪ নম্বরে। বেয়ার্ড ১৯৪৬ সালের ১৪ জুন মারা যান।

টেলিভশনের জনক জন লজি বেয়ার্ড

১৪ আগস্ট ১৯৪০
আটানাসফ বেরি কম্পিউটারের ধারণাপত্র প্রকাশিত
জন আটানাসফ আটানাসফ বেরি কম্পিউটার বা এবিসির ধারণাপত্র প্রকাশ করেন। ক্লিফোর্ড বেরির সঙ্গে তিনি এবিসি নির্মাণের এই ধারণাপত্র লেখেন। এবিসি তৈরি করা হয়েছিল রৈখিক সহসমীকরণ সমাধান করতে। পরবর্তী সময়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৯৭২ সালে আটানাসফ ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক হিসেবে স্বীকৃতি পান।

আদি এবিসি


আটানাসফ মারা যান ১৯৯৫ সালে। কাজ করার মতো এবিসির একটি নমুনা যন্ত্র (রেপ্লিকা) তৈরি হয়েছিল ১৯৯৭ সালে। যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটি অ্যাট অ্যামেসের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা এটি তৈরি করেছিলেন।

১৪ আগস্ট ২০০৮
মহাকাশে প্রথম কম্পিউটার ভাইরাস
ডব্লিউ৩২.গ্যামিমা.এজি নামের কম্পিউটার ওয়ার্ম নিজেই নিজেকে মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) কম্পিউটারে ছড়িয়ে দেয়। এটি হলো মহাকাশে পরিভ্রমণ করা প্রথম কম্পিউটার ভাইরাস। এটি ছিল একটি গেমিং ভাইরাস।
এ ভাইরাসের উদ্দেশ্য ছিল নেটভিত্তিক কম্পিউটার গেমস থেকে লগইন তথ্য চুরি করা। তবে আইএসএসের জন্য কোনো হুমকির কারণ ছিল না এ ভাইরাস। কারণ, আইএসএসের সরাসরি কোনো নেট সংযোগ ছিল না। ভূকেন্দ্র থেকে মহাকাশযানে পাঠানো সব তথ্য–উপাত্ত বা ডেটা স্ক্যান হয়ে এরপর মহাকাশযানে পৌঁছায়। ধারণা করা হয়, এ ভাইরাস সম্ভবত কোনো নভোচারীর ইউএসবি ফ্ল্যাশড্রাইভে মহাকাশ ঘুরে আসে।
যেহেতু এটি কম্পিউটার ওয়ার্ম, তাই নিজেই নিজের প্রতিলিপি বানিয়ে কম্পিউটার নেটওয়ার্কে ছড়িয়ে দেয়। আইএসএসের কম্পিউটারের C: থেকে Z: পর্যন্ত সব ড্রাইভেই এটি ছড়িয়ে পড়েছিল। আর এতে \ntdelect.com নামের একটি ফাইল ছিল।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ, উইকিপিডিয়া