প্রযুক্তির এই দিনে: ১০ ডিসেম্বর

বিশ্বের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেসের জন্ম

ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার অগাস্টা অ্যাডা বায়রন (পরবর্তী জীবনে অ্যাডা লাভলেস নামে পরিচিত) ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন।

১৮৪০ সালে জল রঙে আঁকা অ্যাডা লাভলেসের প্রতিকৃতি। সম্ভাব্য শিল্পী অ্যালফ্রেড এডওয়ার্ড চ্যালন
উইকিমিডিয়া

১০ ডিসেম্বর ১৮১৫
বিশ্বের প্রথম প্রোগ্রামার অ্যাডা লাভলেসের জন্ম
ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার অগাস্টা অ্যাডা বায়রন (পরবর্তী জীবনে অ্যাডা লাভলেস নামে পরিচিত) ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি গৃহশিক্ষকদের কাছে তিনি গণিতের উচ্চতর পাঠ গ্রহণ করেন। সেই সময়ের বিখ্যাত গণিতজ্ঞ অগাস্টাস ডি মনগ্যান অ্যাডাকে পড়ান।

ব্রিটিশ চিত্রকর মারগারেট সারাহ কার্পেন্টারের আঁকা প্রতিকৃতিতে অ্যাডা। ১৮৩৬

কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের সঙ্গে কাজ করেন অ্যাডা। ব্যাবজের ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানাটিক্যাল ইঞ্জিনের জন্য ব্যাপক ‘কমেন্টস’ লেখেন অ্যাডা লাভলেস। তিনি অ্যানাটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রামিং করেন।  অ্যাডা লাভলেসকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে ধরা হয়। ১৮৫২ সালের ২৭ নভেম্বর মাত্র ৩৭ বছর বয়সে মারা যান অ্যাডা।
এক শতাব্দী পরে ১৯৭০–এর দশকে এই প্রোগ্রামারের স্মরণে অ্যাডা নামে একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়। এই ভাষার ভিত্তি ছিল প্যাসক্যাল প্রোগ্রাম। পড়া যায় এবং সহজে কাজ করা যায় এমন সাধারণ কাজের উপযোগী ছিল অ্যাডা প্রোগ্রামিং ভাষা।

ডুম গেমের একটি দৃশ্য

১০ ডিসেম্বর ১৯৯৩
গেম শিল্পে বাঁকবদলের গেম ডুম প্রকাশিত
আইডি সফটওয়্যার ‘ডুম’ গেম প্রকাশ করে। ডুম গেমকে ফার্স্ট পারসন শুটারস (এফপিএস) ঘরানার গেমের বাঁকবদল করা গেম হিসেবে ধরা হয়। জন ক্যারম্যাক, জন রোমেরো, আড্রিয়ান ক্যারম্যাত, কেভিন ক্লাউড ও টম হল এই গেম তৈরি করেছিলেন। ডুমের প্রথম সংস্করণ আইবিএম ঘরানার কম্পিউটারের জন্য প্রথমবারের মতো ত্রিমাত্রিক (থ্রিডি) গ্রাফিকস, থ্রিডি পরিবেশ, নেটওয়ার্কের মাধ্যমে একাধিক খেলোয়াড়ের সঙ্গে খেলার সুবিধা নিয়ে আসে। ১ কোটির বেশি ডুম সিরিজের গেম বিক্রি হয়েছে। জনপ্রিয়তার কারণে ডুম গেম অবলম্বনে উপন্যাস, কমিকস, বোর্ডগেমস এমনকি চলচ্চিত্রও নির্মিত হয়েছে।

জনপ্রিয় গেম ডুম