নতুন নিরাপত্তা মোড চালু করেছে হোয়াটসঅ্যাপ
নতুন নিরাপত্তা মোড চালু করেছে হোয়াটসঅ্যাপ

তথ্য চুরি ঠেকাতে নতুন নিরাপত্তা মোড চালু করল হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের তথ্য চুরি ঠেকাতে নতুন নিরাপত্তা মোড চালু করেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ নামের মোডটি মূলত উচ্চঝুঁকিতে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। মোডটি মঙ্গলবার থেকে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, সেটিংস থেকে মোডটি চালু করলে একসঙ্গে কয়েকটি কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। নতুন নিরাপত্তাব্যবস্থার আওতায় অচেনা নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। পাশাপাশি বন্ধ থাকবে লিংক প্রিভিউ। অর্থাৎ চ্যাটে কোনো ওয়েব লিংক পাঠালে তার সঙ্গে যে থাম্বনেইল দেখা যায়, সেটি আর দেখানো হবে না। একই সঙ্গে অজানা নম্বর থেকে আসা ফোনকল স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট করে দেওয়া হবে।

এক ব্লগ বার্তায় হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে সব ব্যবহারকারীর কথোপকথনই এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত। তবে সাংবাদিক, মানবাধিকারকর্মী বা জনপ্রিয় ব্যক্তিরা অত্যন্ত জটিল সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। তাদের জন্যই এই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়েছে। নতুন নিরাপত্তা মোডটি সাইবার হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হবে।

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট রেলটন নতুন মোডটির বিষয়ে জানান, হোয়াটসঅ্যাপের নতুন সুবিধাটি ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকেও উচ্চঝুঁকির ব্যবহারকারীদের সুরক্ষা নিয়ে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।

সূত্র: রয়টার্স