প্লে স্টোরের মাধ্যমে স্মার্টফোনে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার
প্লে স্টোরের মাধ্যমে স্মার্টফোনে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার

গুগল প্লে স্টোরে থাকা ৫০টি অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ম্যালওয়্যার

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। কিন্তু গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়া ৫০টি অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘নোভয়েস’ ম্যালওয়্যার ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ম্যাকাফি। এরই মধ্যে ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো ২৩ লাখের বেশিবার ডাউনলোড করা হয়েছে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

ম্যাকাফির তথ্যমতে, নোভয়েস ম্যালওয়্যারটি মূলত বিভিন্ন ক্লিনার, ইমেজ গ্যালারি এবং গেম অ্যাপের ছদ্মবেশে ব্যবহারকারীদের স্মার্টফোনে প্রবেশ করে। এরপর ম্যালওয়্যারটি ২০২১ সালে সমাধান করা পুরোনো অ্যান্ড্রয়েড ত্রুটিগুলোকে পুনরায় সক্রিয় করে স্মার্টফোনের রুট অ্যাকসেস–সুবিধা ব্যবহার করতে থাকে। এর ফলে অন্য কোনো অ্যাপ চালুর সঙ্গে সঙ্গেই সেখানে নতুন কোড যুক্ত করে সেই অ্যাপের তথ্য সংগ্রহ করতে থাকে।

নোভয়েস ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো নামানোর সময় কোনো সন্দেহজনক অনুমতির প্রয়োজন হয় না। এমনকি নামানোর সময় যেসব কাজের প্রতিশ্রুতি দিয়ে থাকে, তা ভালোভাবেই করা যায় বলে অনেকেই নিয়মিত ব্যবহার করে থাকেন। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের স্মার্টফোন থেকে তথ্য চুরি হতে থাকে। গুগলের একজন মুখপাত্র দাবি করেছেন, ২০২১ সালের পর যেসব স্মার্টফোনে নিরাপত্তা প্যাচ হালনাগাদ করা হয়েছে, সেগুলো নোভয়েস ম্যালওয়্যার থেকে নিরাপদে রয়েছে। আর তাই ব্যবহারকারীদের সব সময় হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করা উচিত।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, ম্যালওয়্যার থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে, অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার