
গতকাল বুধবার ছিল এপ্রিল মাসের প্রথম দিন। আর তাই ‘এপ্রিল ফুল’ উপলক্ষে নানা ধরনের ‘ভুয়া সংবাদ’ ছড়িয়ে পড়েছিল অনলাইনে। প্রযুক্তিপ্রেমীদের বোকা বানাতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানও মেতেছিল বিচিত্র সব কৌতুকপূর্ণ সংবাদ প্রচারে। এ বছর প্রযুক্তি বিশ্বে এপ্রিল ফুলবিষয়ক সাতটি সংবাদ সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড ডাইসন তাদের জনপ্রিয় হেয়ারস্টাইল যন্ত্র এয়ার র্যাপের একটি বিশেষ সংস্করণ বাজারে আনার ঘোষণা দেয়। হেয়ারস্টাইল যুন্ত্রটি শুধু পোষা প্রাণীদের জন্য তৈরি করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ডাইসনের ইউটিউব শর্টসে দেখা গেছে, ঘোড়া, বিড়াল ও কুকুর এই যন্ত্র ব্যবহার করে নতুন কার্ল করা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
মোবাইল নেটওয়ার্ক জায়ান্ট টি-মোবাইল ক্যালোন নামের একটি সুগন্ধি বাজারে আনার ঘোষণা দেয়। তাদের দাবি, এটি বিশ্বের প্রথম লাক্সারি পারফিউম, যা একদম নতুন মুঠোফোনের ঘ্রাণে তৈরি করা হয়েছে।
স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপ তাদের প্রতিদ্বন্দ্বী টিকটক ও ইনস্টাগ্রাম রিলসকে খোঁচা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা তাদের স্পটলাইট ফিডের নাম বদলে রিলস রাখার ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) ইভান স্পিগেল মজা করে বলেন, এটি এমন এক জায়গা, যেখানে আসল মানুষ আসল মুহূর্ত শেয়ার করবে।
প্লেস্টেশনের জন্য প্রজেক্ট প্লেমো নামের নতুন কন্ট্রোলার উন্মোচনের ঘোষণা দেয় আইজিএন। রসিকতা করে প্রতিষ্ঠানটি জানায়, এই কন্ট্রোলারে থাকা এআই প্রযুক্তি মানুষের বদলে গেম খেলবে এবং আপনার অজান্তেই অনলাইন আইডি বদলে দেওয়ার মতো কাজ করবে।
জনপ্রিয় গেম ফোর্টনাইট তাদের খেলোয়াড়দের অদ্ভুত তথ্য প্রকাশ করে। এ সময় গেমটিতে খেলোয়াড়দের মাথা বিশাল বড় হয়ে যায় এবং তারা একে অপরের কাঁধে চড়তে পারে। এমনকি গেমে রাইড করার জন্য লামাও যোগ করা হয়।
রান্নার কাজে ব্যবহার উপযোগী এআই চশমা বাজারে আনার ঘোষণা দেয় গ্রিল। তাদের দাবি, এই চশমা পরে মাংস গ্রিল করলে থার্মাল ইমেজিং ও নাইট ভিশনের মাধ্যমে বলে দেওয়া যাবে মাংসটি ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না।
এপ্রিল ফুল হিসেবে ইয়াহু স্ক্রল স্টপ নামের আঙুলের সুরক্ষা কবজ আনার ঘোষণা দেয় ইয়াহু। প্রতিষ্ঠানটি জানায়, স্ক্রল স্টপ হাতের বুড়ো আঙুলকে ফোনের পর্দায় স্পর্শ করা থেকে বিরত রাখবে যাতে আপনি অতিরিক্ত ফোন ব্যবহার করতে না পারেন।
সূত্র: সিনেট