ইউটিউবে বার্তাও আদান–প্রদান করা যাবে
ইউটিউবে বার্তাও আদান–প্রদান করা যাবে

ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি বার্তাও আদান–প্রদান করা যাবে

প্রায় সাত বছর পর আবারও বার্তা আদান–প্রদানের সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। সুবিধাটি চালু হলে বন্ধু ও পরিচিত ব্যক্তিদের পছন্দের ভিডিওর লিংক পাঠানোর পাশাপাশি ব্যক্তিগত আলোচনা করতে পারবেন ইউটিউব ব্যবহারকারীরা। এরই মধ্যে সুবিধাটির কার্যকারিতা বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ওপর পরখ করছে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীরা নিয়মিত ভিডিও শেয়ার করেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন। তাই ভিডিও দেখা, শেয়ার ও মতামত বিনিময়ের অভিজ্ঞতাকে একই প্ল্যাটফর্মে আনতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীদের ভিডিও শেয়ার করতে অন্য কোনো অ্যাপে যেতে হবে না। ইউটিউব অ্যাপের মধ্যেই ভিডিও পাঠানো, বার্তা বিনিময় ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সুযোগ মিলবে। এ জন্য ইউটিউব অ্যাপে একটি নতুন মেসেজিং আইকন যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে অন্যদের কথোপকথনে আমন্ত্রণ জানানো যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের তুলনায় ইউটিউবের বার্তা আদান–প্রদানের সুবিধাটি কিছুটা আলাদা। আলোচনা শুরু করতে হলে নির্দিষ্ট ব্যক্তিকে প্রথমে ইনভাইটেশন লিংক পাঠাতে হবে। লিংকটি সাত দিন পর্যন্ত সক্রিয় থাকবে। ইনভাইটেশন লিংকের প্রাপক আগ্রহী হলে ‘অ্যালাউ মেসেজিং’ নির্বাচন করে আলোচনায় যুক্ত হতে পারবেন। ‘নট নাউ’ নির্বাচন করে আমন্ত্রণ প্রত্যাখ্যানও করা যাবে। ইউটিউবের মতে, এ পদ্ধতির ফলে ব্যবহারকারীরা মূলত পরিচিত ব্যক্তিদের সঙ্গেই যোগাযোগ করতে পারবেন। এতে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত বার্তা পাওয়ার ঝুঁকি কমবে।

কথোপকথনে যুক্ত হওয়ার পর ব্যবহারকারীরা বার্তা আদান–প্রদান, ভিডিও শেয়ার ও নতুন বার্তার নোটিফিকেশন গ্রহণ করতে পারবেন। তবে ব্যক্তিগত ভিডিও এ সুবিধার মাধ্যমে শেয়ার করা যাবে না। ব্যবহারকারীরা পাঠানো বার্তা মুছে ফেলার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে ব্লক করতে পারবেন। এমনকি চাইলে কোনো ব্যক্তির পাঠানো অবাঞ্ছিত বার্তার বিরুদ্ধে অভিযোগও করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া