স্টেম ফেস্টের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা
স্টেম ফেস্টের সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা

সাতক্ষীরায় হয়ে গেল স্টেম ফেস্ট

নারী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কার্যক্রমে আগ্রহী করতে গতকাল বুধবার সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘স্টেম ফেস্ট ২০২৫’। স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রযুক্তি উৎসবে উপজেলার সাতটি বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্প।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে আয়োজিত এ প্রযুক্তি উৎসবে তালা উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উৎসবে ১৮টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, ২২টি পোস্টার প্রেজেন্টেশনসহ প্রোগ্রামিং, কুইজ ও রোবোটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া প্রকল্পের ব্যবস্থাপক শাখিরা আফরোজ উপস্থিত ছিলেন।