ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। এ আগ্রহ কাজে লাগিয়ে ম্যালওয়্যারযুক্ত ‘সেভ ইমেজ অ্যাজ টাইপ’ ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ধরন নিয়ন্ত্রণ করছিল সাইবার অপরাধীরা। ব্রাউজার এক্সটেনশনটির কোড পর্যালোচনা করে দেখা গেছে, ম্যালওয়্যারটি যন্ত্রে প্রবেশ করে অ্যামাজন এবং বেস্ট বাইয়ের মতো ওয়েবসাইটগুলোর অ্যাফিলিয়েট কোডগুলো অদলবদল করে দিত। ফলে আর্থিকভাবে লাভবান হতো সাইবার অপরাধীরা। ম্যালওয়্যারযুক্ত এক্সটেনশনটির প্রথম সন্ধান পায় একজন রেডিট ব্যবহারকারী। তার দেওয়া তথ্য পর্যালোচনা করে পরে ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনটি মুছে ফেলে গুগল।
সেভ ইমেজ অ্যাজ টাইপ ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে যেকোনো ওয়েবসাইট ব্যবহারের সময় পছন্দের ফরম্যাটে দ্রুত ছবি নামানোর সুযোগ পাওয়া যেত। ফলে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এক্সটেনশনটি। গুগলের তথ্যমতে, ক্রোম ওয়েব স্টোর থেকে মুছে ফেলার আগে ১০ লাখের বেশি যন্ত্রে ম্যালওয়্যারযুক্ত ব্রাউজার এক্সটেনশনটি ব্যবহার করা হতো।
ম্যালওয়্যারযুক্ত এক্সটেনশনের মাধ্যমে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের ব্রাউজার ব্যবহারের ওপর নজরদারিসহ তথ্য চুরি করা সম্ভব। তবে সেভ ইমেজ অ্যাজ টাইপ ব্রাউজার এক্সটেনশনটি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করার বদলে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটগুলোর কার্যক্রম পরিবর্তন করে নির্দিষ্ট ওয়েবসাইটগুলোর আয়ের পরিমাণ বাড়াতে ভূমিকা রাখত।
ম্যালওয়্যারযুক্ত ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে সাইবার হামলার ঘটনা ঘটায় অনলাইন থেকে নামানোর আগে ব্রাউজার এক্সটেনশনের বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা বা মতামত জানার পরামর্শ দিয়েছেন নিরাপত্তাবিশেষজ্ঞরা। ক্রোম ব্রাউজারে থাকা অপরিচিত ব্রাউজার মুছে ফেলার পাশাপাশি নতুন ব্রাউজার এক্সটেনশন নামানোর আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
সূত্র: ম্যাশেবল