আইসিটি বিভাগের ব্যাখ্যায় অস্পষ্টতা কাটেনি: টিআইবি

সরকারের ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করায় তথ্য পাওয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না মর্মে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ যে ব্যাখ্যা দিয়েছে, তাতে অস্পষ্টতা কাটেনি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে আইসিটি বিভাগকে ওই প্রজ্ঞাপন সংশোধনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচিত প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম ও নেটওয়ার্কে নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু প্রজ্ঞাপনে পুরো প্রতিষ্ঠানকেই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।

এমনকি তা ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫ ধারার সঙ্গেও সাংঘর্ষিক। এ প্রজ্ঞাপনের ফলে ডিজিটাল আইনের ধারা ১৬(৩)–এর বিধানের আওতায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কোনো প্রকার তথ্য সংগ্রহ, তথ্য প্রকাশ ও মতপ্রকাশকে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির বিবেচনায় ‘হুমকিস্বরূপ ও ক্ষতিকারক’ বিবেচিত হতে পারে। সে ক্ষেত্রে বিষয়টি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে।

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫ ধারার বলে আইসিটি বিভাগ ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করে। এ নিয়ে টিআইবি তালিকাটি বিভ্রান্তিকর ও প্রশ্নবিদ্ধ বলে উদ্বেগ প্রকাশ করে। এ ছাড়া তারা বলেছিল, সুস্পষ্ট নীতিনির্দেশনা না থাকলে নিরাপত্তা নিশ্চিত হবে না, যথেচ্ছ অপপ্রয়োগ হবে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সংবাদ সংগ্রহ বা তথ্য অধিকার আইনের অধীন তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।

তথ্য পরিকাঠামোর তালিকা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকাল ৯ অক্টোবর আইসিটি বিভাগ জানিয়েছে, ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করা হলেও জনগণের তথ্য প্রাপ্তিতে ব্যাঘাত ঘটবে না।