
অ্যান্ড্রয়েড যন্ত্রের নিরাপত্তা আরও জোরদার করতে ‘আইডেনটিটি চেক’ নামের নতুন সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধা সংবেদনশীল সেটিংস ব্যবহার করা স্মার্টফোনের নিরাপত্তায় বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক অথেনটিকেশন প্রযুক্তি চালু করবে। অর্থাৎ ‘আইডেনটিটি চেক’ চালু থাকলে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে আঙুলের ছাপ বা চেহারা শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে।
গুগলের তথ্যমতে, নতুন এই সুবিধা চালু থাকলে গুগল পাসওয়ার্ড ম্যানেজার থেকে সংরক্ষিত পাসওয়ার্ড ও পাসকি দেখতে এবং ক্রোম ব্রাউজার ছাড়া অন্যান্য অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পূরণ করতে বায়োমেট্রিক যাচাইকরণ প্রয়োজন হবে। এ ছাড়া পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের মতো স্ক্রিন লকের ধরন, আঙুলের ছাপ বা চেহারা শনাক্তকরণ–সংক্রান্ত তথ্য পরিবর্তন, ডিভাইস ফ্যাক্টরি রিসেট, ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধা বন্ধ করাসহ যেকোনো অ্যান্টি থেফট সুবিধা নিষ্ক্রিয় করতেও বায়োমেট্রিক যাচাই করতে হবে। নির্ভরযোগ্য অবস্থানের তালিকা পর্যালোচনা, ‘আইডেনটিটি চেক’ ফিচার বন্ধ করা, নতুন ডিভাইস সেটআপ, গুগল অ্যাকাউন্ট যোগ বা মুছে ফেলা এবং ডেভেলপার অপশন চালু করার ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা প্রযোজ্য হবে।
গুগল জানিয়েছে, নতুন এই সুবিধা ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করবে। এর ফলে অননুমোদিত কোনো ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। সুবিধাটি প্রাথমিকভাবে গুগলের পিক্সেল ফোনের অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণ এবং স্যামসাং গ্যালাক্সির ওয়ান ইউআই ৭–এ চলা নির্দিষ্ট মডেলে ব্যবহার করা যাবে।
সূত্র: দ্য হ্যাকার নিউজ