কন্ট্যাক্ট লেন্সেেই দেখা যাবে পথের দিকনির্দেশনা
কন্ট্যাক্ট লেন্সেেই দেখা যাবে পথের দিকনির্দেশনা

পথের নির্দেশনা দেখা যাবে কন্ট্যাক্ট লেন্সে

ফোনে গুগল বা অ্যাপলের ম্যাপ সুবিধা চালু করে গন্তব্যের দিকনির্দেশনা দেখার দিন ফুরোচ্ছে। চোখের সামনেই নির্দিষ্ট পথের ছবি অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে দেখাবে স্মার্ট কন্ট্যাক্ট লেন্স। শুনতে অবাক লাগলেও এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা।

কোরিয়া ইলেকট্রোটেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট (কেইআরআই) এবং উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএনআইএসটি) গবেষকদের উদ্ভাবিত পদ্ধতি কাজে লাগিয়ে থ্রিডি (ত্রিমাত্রিক) প্রিন্টারের মাধ্যমে তৈরি কন্ট্যাক্ট লেন্সে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি যুক্ত করা সম্ভব হবে। ফলে ব্যবহারকারীরা চলার সময় সরাসরি পথের দিকনির্দেশনা জানতে পারবেন।

অ্যাডভান্স সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, সাধারণ লেন্সের মতোই স্বচ্ছন্দে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের সুযোগ মিলবে। চাইলে পোকেমন গোর মতো অগমেন্টেড রিয়েলিটি সুবিধার বিভিন্ন গেমও খেলা যাবে।

এ বিষয়ে এখনো গবেষণা চলছে বলে জানিয়েছেন গবেষক দলের অন্যতম সদস্য সিওল সিউং-কোয়ান। তিনি বলেন, এই প্রযুক্তি এআর প্রযুক্তিনির্ভর যন্ত্রগুলোর আকার ছোট করতে অবদান রাখবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া